শ্রীনগর, ভারত, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টাস)- ভারত সরকার কাশ্মির থেকে সেনা সংখ্যা কমাতে রাজি নয় বলে রোববার জানিয়েছেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদ। হিমালয় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সহিংসতার উদাহরণ টেনে তিনি একথা জানান।
২০০৪ সালের পর থেকে ওই এলাকায় সহিংসতার ঘটনা হ্রাস পাওয়ার পরিপ্রেক্ষিতে সেখানে সেনা সংখ্যা কমানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মার্চে নয়াদিল্লিতে বিশেষজ্ঞদের একটি প্যানেল গঠন করা হয়।
কিন্তু মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদ বলেছেন, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া যুক্তিসংগত হবে না।
আজাদ তার এক বিবৃতিতে বলেন, "যদিও আমরা সবাই চাই সেনাবাহিনী সরে যাক... কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা সম্ভব নয়, কারণ দেখা যাচ্ছে নিকট অতীতে সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে।"
মোট ভারতীয় সেনার মধ্যে প্রায় পাঁচ লাখ কাশ্মিরে মুসলমান বিচ্ছন্নতাবাদী জঙ্গিদের সঙ্গে লড়াই করছে। কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৮৯ সাল থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে দমনাভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৪২ হাজার মানুষ নিহত হয়েছেন। কিন্তু মানবাধিকার সংগঠনগুলোর মতে, মৃত অথবা নিখোঁজ ব্যক্তির সংখ্যা প্রায় ৬০ হাজার।
২০০৬ সালের শুরুতে ওই রাজ্যে সহিংসতার ঘটনা হ্রাস পাওয়ার কারণে কয়েক হাজার সেনা সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু স্থানীয় রাজনৈতিক নেতারা আরও বেশি সংখ্যায় সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
শনিবার কাশ্মিরের ভারত ও পাকিস্তান অংশের নিয়ন্ত্রণ রেখার কাছে এক টহলযানের ওপর জঙ্গিরা বোমা হামলা ও গুলিবর্ষণ করলে দুই সেনা নিহত এবং দুজন আহত হন। পাকিস্তানের একটি জঙ্গি দল লস্কর - ই - তৈয়বা এ হামলার দায়িত্ব স্বীকার করে।
এছাড়া, গত সপ্তাহে কাশ্মিরের দক্ষিণে সংগঠিত এক বন্দুক যুদ্ধে সাত জঙ্গি এবং এক সেনা সদস্য নিহত হন।
আজাদ আরও বলেন, "আমরা লক্ষ করেছি, যখনই নিরাপত্তা ব্যবস্থায় ছাড় দেওয়া হয়েছে, তখনিই জঙ্গিরা এর সুযোগ নিয়েছে।"
এ এলাকাটি আংশিক ভারত এবং আংশিক পাকিস্তান দ্বারা শাসিত হলেও দুদেশই পুরো এলাকার ওপর নিয়ন্ত্রণ দাবি করার কারণেই তাদের মধ্যে এ পর্যন্ত তিনবার যুদ্ধ হয়।
কর্মকতারা বলেছেন, ২০০৪ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা শুরুর পর থেকে এ এলাকায় নিহতের সংখ্যা কমেছে। তারা দাবি করেছেন, এখন নিহতের সংখ্যা দিনে তিনজন, কয়েক বছর আগেও যা ছিল দিনে দশজন।
এদিকে পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ কয়েক দশক ধরে চলা যুদ্ধ বন্ধে কাশ্মির থেকে ভারতীয় সেনা পুরোপুরি সরিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/জেডি/এসআরএস/১৬২৫ ঘ.
bdnews24