২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ভপাত আইনকে অসাংবিধানিক বললেন মেক্সিকোর এটর্নি জেনারেল

মেক্সিকো সিটিতে গর্ভপাতকে বৈধতা দিয়ে পাশ করা সাম্প্রতিক আইনটিকে অসাংবিধানিক বলে মন্তব্য করলেন দেশটির এটর্নি জেনারেল। দেশটির শীর্ষ মানবাধিকার কর্মকর্তা আইনটির বিরুদ্ধে সুপৃম কোর্টে একটি আর্জি উপস্থাপনের পর শুক্রবার তিনি এ মন্তব্য করলেন। প্রসঙ্গত এই আইনের তীব্র সমালোচনা করেছেন রোমান ক্যাথলিক চার্চ নেতারা, এমনকি খোদ পোপ ষোড়শ বেনেডিক্টও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 01:30 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

গত মাসে মেক্সিকো সিটির স্থানীয় পার্লামেন্ট গর্ভপাতকে বৈধতা দিয়ে আইন পাশ করে। এ আইনে কেবলমাত্র গর্ভধারনের প্রথম ১২ সপ্তাহের মধ্যে গর্ভপাতকে বৈধতা দেওয়া হয়েছে।

সরকার নিযুক্ত এটর্নি জেনারেল এদুয়ার্দো মেদিনা মোরা শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, সুপ্রিম কোর্টের আগের দেওয়া রায়ই বলে দেয় যে এই আইনটি অসাংবিধানিক।

দেশটির শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মকর্তা জোসে লুইস সোবেরানেস গর্ভপাত আইনটিকে অসাংবিধানিক হিসেবে দাবি করে সুপ্রিম কোর্টে একটি আর্জি উপস্থাপন করেন।

সোবেরানেসের উত্থাপিত আর্জিটি গ্রহণ করে এ বিষয়ে আইনি বিতর্ক শুরু করা হবে কিনা তা নিয়ে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধন্ত নেবে আদালত।

গর্ভপাত আইনটিকে অসাংবিধানিক ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের ১১ জন ম্যাজিষ্ট্রেটের মধ্যে কমপক্ষে ৮ জনকে এর পক্ষে ভোট দিতে হবে।

সুপৃম কোর্টে উপস্থাপিত এই আর্জিটি ক্ষমতাসীন রক্ষণশীল প্রেসিডেন্ট ফেলিপ কালদেরনের ন্যাশনাল অ্যাকশন পার্টির সমর্থন পায়। কিন্তু এ আইন পাশের পক্ষে লড়াই করা বামপন্থীরা এজন্য সোবেরানেসের পদত্যাগ দাবি করে।

সম্প্রতি ব্রাজিল সফরে এসে  পোপ বেনেডিক্ট বলেছিলেন যেসব ক্যাথলিক রাজনীতিবিদ এ গর্ভপাত আইন সমর্থন করবে তারা খ্রীষ্টসমাজ থেকে বহিষ্কারের মত ঝুঁকিতে পড়তে পারে এবং তাদের ‘প্রভুর ভোজ গ্রহণ করা উচিত নয়’।

ক্যাথলিক চার্চ বলেছে গর্ভপাত মানুষকে খুন করার মতো একটি মারাত্মক পাপ।