২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আবার জনসমক্ষে শিয়া নেতা মুকতাদা আল সদর

ইরাকের মার্কিনবিরোধী শিয়া নেতা মুকতাদা আল সদর দীর্ঘদিন পর আবার জনসমক্ষে এলেন। শুক্রবার জুমার নামাজ পড়তে শিয়া অধ্যুষিত কুফা নগরীর একটি মসজিদে আসেন তিনি। ফেব্রুয়ারিতে মার্কিন সেনাদের জোরদার দমনাভিযান শুরুর পর এ প্রথম কোনো প্রকাশ্য জনসমাগমে দেখা গেল সদরকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 05:24 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দাবি করেছিল, তল্লাশি অভিযান জোরদার করার পর আত্মরক্ষার্থে ইরানে পালিয়ে গিয়েছিলেন মুকতাদা আল সদর। কিন্তু ওই দাবি নাকচ করে দিয়ে সদর বলেছেন, এ সময়ে কখনোই কুফার বাইরে যাননি তিনি। ২০০৪ সালে মার্কিন সেনাদের বিরুদ্ধে দুদফা রক্তক্ষয়ী প্রতিরোধের নেতৃত্ব দেন তিনি।

মুকতাদা আল সদর এমন এক সময়ে আকস্মিকভাবে জনসমক্ষে ফিরে এলেন যখন ইরাকে নুরি আল-মালিকির সরকার অত্যন্ত নাজুক অবস্থা পার করছে। যদিও সদরের সমর্থন নিয়েই মালিকি সরকার গঠন করেছিলেন। কিন্তু মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণের ইস্যুতে মতবিরোধের কারণে মালিকির সরকার থেকে ছয়জন মন্ত্রীকে ফিরিয়ে নেন সদর। তবে পার্লামেন্টে এখনও সদরের দলের ৩০ জন এমপি রয়েছেন।

ক্ষমতাসীন শিয়া জোটের এক সময়ের শক্তিশালী অংশীদার সদরের দলের সমর্থন প্রত্যাহারের পর প্রধান সুন্নি আরব জোটও মালিকির সরকার থেকে বেরিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে বলে সম্প্রতি জানিয়েছে। অব্যাহত গোষ্ঠীগত দাঙ্গা দমনে সরকারের ব্যর্থতা ও লাগামহীন দুর্নীতির অভিযোগ এনে তারা এ সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন।

ফেব্রুয়ারি মাসে মার্কিনিদের জঙ্গি দমনাভিযান জোরদারের পর গোষ্ঠী দাঙ্গা ও অন্তর্ঘাতমূলক গুপ্তহত্যার সংখ্যা কমে গিয়েছিল। কিন্তু সম্প্রতি এ ধরনের হত্যাকাণ্ড বাড়তে থাকায় ধারণা করা হচ্ছে যে সদরের মেহেদী আর্মি আবারও সক্রিয় হতে শুরু করেছে। কুফার বাসিন্দারা জানিয়েছেন, অনেকদিন তেমনভাবে দেখা না গেলেও এখন মেহেদী আর্মি কর্মীদের তৎপরতা জোরদার হয়েছে।