২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে নিখোঁজ সেনার লাশ পাওয়ার খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র

বাগদাদের কাছে অবস্থিত ইউফ্রেতিস নদী থেকে বুধবার উদ্ধারকৃত লাশটি নিখোঁজ তিন সেনার একজনের বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনী। ইরাকের পুলিশ বুধবার জানিয়েছে, রাজধানী থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মুসায়য়াব এলাকার নদীতে তারা পশ্চিমা চেহারার একজন সেনার মৃতদেহ খুঁজে পায়। মার্কিন সেনাবাহিনীর প্যান্ট ও জুতা পরিহিত ওই ব্যক্তির শরীরে বুলেটের ক্ষত এবং অত্যাচারের চিহ্ন ছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 01:59 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোসলেন অ্যাবারলি বলেছেন, মৃতদেহটি ক্যালিফোর্নিয়ার টোরেন্সের বাসিন্দা প্রাইভেট ফার্স্ট ক্লাস জোসেফ এনজাক জুনিয়রের।

বাকি দুই সেনাসহ এনজাক নিখোঁজ হন ১২ মে। ওই সময় তাদের গাড়িটি ‘মৃত্যুকূপ’ হিসেবে পরিচিত বাগদাদের দক্ষিণে মাহমুদিয়ার গুপ্ত হামলার শিকার হয়। হামলায় এক ইরাকি দোভাষীসহ চার মার্কিন সেনা নিহত হয়।

ইরাকি পুলিশ লাশটি মার্কিন সেনাবাহিনীর কাছে হস্তান্তরের পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, তার পরিবারকে না জানানো পর্যন্ত এ সংক্রান্ত আর কোনো তথ্য জানানো হবে না।

অ্যাবারলি বলেন, “আমি ওই খবরটি নিশ্চিত করছি। অন্য দুই নিখোঁজ সেনাকে খুঁজে বের করার জন্য উদ্ধার তৎপরতা চলছে, এবং তাদের খোঁজ না পাওয়া পর্যন্ত তা চলতে থাকবে।”

কয়েক হাজার ইরাকি ও মার্কিন সেনাকে নিখোঁজ সেনাদের উদ্ধারের জন্য ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইরাকে আল কায়েদার শাখা এ হামলার দায়িত্ব স্বীকার করলেও তাদের হাতে তিন সেনার আটক থাকার ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অন্য দুই সেনা এখনও বেঁচে আছেন বলে আশা করছেন ইরাকে নিযুক্ত মার্কিন সেনা কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস।