২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বর মাস ইরাকের জন্য গুরুত্বপূর্ণ: বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সোমবার বলেছেন, সেপ্টেম্বর মাস ইরাকের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, ওই সময় বাগদাদে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের বিতর্কিত পরিকল্পনার আওতায় ইরাক পরিস্থিতির অগ্রগতি মূল্যায়ন করা হবে। রয়টার্সকে এক সাক্ষাতকারে বুশ একথা বলেন। ডেমোক্রেটদের ইরাক থেকে সেনা ফেরানোর সময়সীমা নির্ধারণের দাবি প্রত্যাখ্যান করেছেন বুশ। এরপরই বুশ নিজ দলের আইনপ্রণেতাদের কাছ থেকে সেপ্টেম্বরের মধ্যে ইরাক পরিস্থিতির অগ্রগতি দেখানোর তীব্র চাপের মুখে পড়েন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 04:07 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

সেপ্টেম্বরেই এ অগ্রগতি দেখাতে না পারলে রিপাবলিকানদের সমর্থন হারানোর ঝুঁকি নিতে হবে তাকে। সেকারণে বাগদাদে বাড়তি মার্কিন সেনা মোতায়েন করে কি সুফল পাওয়া গেল-- তা এ বছর গ্রীষ্মের শেষেই ইরাকের শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউসের কাছ থেকে জানার আশায় আছেন বুশ।

সেপ্টেম্বরকে ভাঙা-গড়ার মাস হিসাবে দেখছেন কিনা জিজ্ঞেস করা হলে  বুশ বলেন, “ আমি এ সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছি। কারণ ডেভিড পেত্রাউস বলছেন, ওই সময়ই তিনি জানাবেন, ইরাকে বাড়তি সেনা মোতায়েনের ফল কি হল।

রিপাবলিকান আইনপ্রণেতারা ইরাক ইসুতে তাদের উদ্বেগ প্রেসিডেন্ট বুশকে জানাতে এ মাসেই হোয়াইট হাউসে তার সঙ্গে একান্ত আলোচনায় বসেন। বুশ ইরাকের ব্যাপারে তার পরিকল্পনা খোলাখুলিভাবে বলার ক্ষেত্রে ওই বৈঠককে খুবই ফলপ্রসূ আ্যখ্যা দেন। বৈঠকে রিপাবলিকানরা ইরাকে সফল হওয়ারই আশা ব্যক্ত করেছে বলে জানান তিনি।

বুশ আরও বলেন,  “ইরাকে ব্যর্থতার কথা বলতে হোয়াইট হাউসে

কেউ আসেনা বললেই চলে। বেশির ভাগ লোকজন আশার কথাই বলে। তারা বলে আশা করি পরিকল্পনামাফিক কাজ হচ্ছে কিংবা ওখানকার পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন।”

মার্কিন কংগ্রেস আগামী সপ্তাহে ইরাক ও আফগানিস্তানের জন্য ১০০ বিলিয়ন ডলারের নতুন যুদ্ধব্যয় বিল অনুমোদন করার চেষ্টায় আছে। কারণ তহবিল শেষ হয়ে আসছে। কিন্তু নতুন বিলে কোনো শর্ত জুড়ে দেওয়া না দেওয়ার বিষয়টি নিয়ে আইনপ্রণেতাদের সঙ্গে বুশের বিরোধ চলছে।

বুশ বলেছেন, ইরাকে অগ্রগতি হচ্ছে কিনা সেটি নিশ্চিত করার জন্য ইরাক সরকারের ওপর কি ধরনের চাপ প্রয়োগ করা যায় তা আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনা করে দেখতে তিনি হোয়াইট হাউসের চীফ অব স্টাফ জোস বোল্টেনকে নির্দেশ দিয়েছেন।

এরই মধ্যে সোমবার বুশ ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকিকে বিবাদমান দলগুলোর মধ্যে রাজনৈতিক সংহতি স্থাপনের পথে অগ্রসর হওয়ারও আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউস একথা জানিয়েছে।