গুয়ানতানামোর অস্ট্রেলীয় বন্দি ডেভিড হিকস দেশে ফিরলেন
সন্ত্রাসবাদে যুক্ত থাকার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক আদালতে অভিযুক্ত প্রথম গুয়ানতানামো বন্দি অস্ট্রেলীয় নাগরিক ডেভিড হিকস রোববার নিজ দেশে ফিরলেন। অপরাধ স্বীকার করায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় হিকসকে। মার্কিন সরকারের সঙ্গে অস্ট্রেলিয়ার সমঝোতা অনুযায়ী অস্ট্রেলিয়াতে তার সাজার বাকী মেয়াদ কারাভোগের শর্তে গুয়ানতানামো থেকে মুক্তি দেওয়া হয় তাকে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে একটি বিশেষ জেট বিমানে করে তাকে এডিলেইডে ফিরিয়ে আনা হয়। পুলিশ একথা জানিয়েছে।
প্রায় আটবছর পর দেশে ফিরলেন ৩১ বছর বয়সী হিকস। সেসময়ে পাকিস্তানের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ছেড়েছিলেন তিনি। পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢুকেন হিকস। ২০০১ সালের শেষ দিকে আফগানিস্তানে মার্কিনিদের হাতে আটক হন তিনি। ধরা পড়ার পর যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বন্দিশালায় প্রায় পাঁচ বছর কারাবাস করেন তিনি।
গুয়ানতানামো কারাগারে আটক বন্দিদের মধ্যে হিকস এর বিরুদ্ধেই প্রথম যুক্তরাস্ট্রের সামরিক আদালতে অভিযোগ গঠন করা হয়। কয়েকশত বন্দিকে বিনা বিচারে আটক রাখা এবং নির্যাতনের অভিযোগে বিশ্বব্যাপি প্রবল চাপের মুখে ওই সামরিক আদালত গঠন করে যুক্তরাষ্ট্র। আদালতে দেওয়া জবানবন্দিতে সন্ত্রাসবাদী সংগঠনকে বিভিন্ন সামগ্রী সরবরাহ করে সহায়তা করার অভিযোগ স্বীকার করে নেন হিকস।
অভিযোগ স্বীকার করায় সাত বছরের কারদণ্ড দেওয়া হয় হিকসকে। ইতিমধ্যেই এ মেয়াদের বেশিরভাগ সাজা ভোগ শেষ হয়েছে হিকসের। যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের সমঝোতা অনুসারে তার সাজার বাকী মেয়াদ অস্ট্রেলিয়াতে কারাভোগ করবেন তিনি। হিসাব অনুসারে ২০০৮ সালে ১ লা জানুয়ারিতেই পুরোপুরি মুক্তি পাওয়ার কথা রয়েছে হিকসের।
হিকসকে বহনকারী বিশেষ জেট বিমানে তার সঙ্গে ছিলেন তার অস্ট্রেলীয় আইনজীবী ডেভিড ম্যাকলিওড এবং এডিলেইডের ইয়াতালা কারাগারের নিরাপত্তা রক্ষীরা। কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত এ কারাগারেই রাখা হবে হিকসকে।
হিকসকে ফিরিয়ে আনা প্রসঙ্গে অস্ট্রেলিয়ার এটর্নি জেনারেল একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলকে বলেন, “ যদি কোনো ব্যক্তি সন্ত্রাসবাদী সংগঠনের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এবং ওই প্রশিক্ষণে যখন বেসামরিক মানুষজনের ওপর হামলার কলাকৌশল শিক্ষা দেওয়া হয় তখন বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গেই বিবেচনা করি।”
হিকসের দেশে ফিরে আসার মধ্য দিয়ে তার পরিবারের প্রায় পাঁচ বছরব্যাপি প্রচারণার অবসান হলো। তাকে বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে এবং দ্রুত তার বিচার শুরু করে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অস্ট্রেলিয়া সরকারের ওপর ক্রমাগত চাপ বাড়তে থাকে। প্রতিবাদ বিক্ষোভের এক পর্যায়ে ওয়াশিংটনের সঙ্গে বিসয়টি নিয়ে সমঝোতায় করতে বাধ্য হয় সরকার।
