ইরাকে দক্ষিণ কোরিয়ার সেনা নিহত
ইরাকে দক্ষিণ কোরিয়ার সেনাশিবিরে একটি নাপিতের দোকানের ভেতরে দক্ষিণ কোরিয়ার এক সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় রোববার একথা জানিয়েছেন। ইরাকে দক্ষিণ কোরিয়ার কোনো সেনা সদস্যের মৃত্যুর ঘটনা এটাই প্রথম।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কোনো আক্রমণ বা মারামারি ফলে এ ঘটনা ঘটেছে এমন কোনো আলামত পাওয়া যায়নি ঘটনাস্থলে। তার বন্দুকটি ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার করা হয়।
২৭ বছর বয়স্ক ওই সেনার পারিবারিক নাম পদবী কিংবা বিস্তারিত পরিচয় জানানো হয়নি ওই বিবৃতিতে। তবে শনিবার তাকে মৃত অবস্থয় পাওয়া যায় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
ইরাকে বিদেশী সেনা অবস্থানের বিচারে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া জুনের শেষ নাগাদ ইরাক থেকে তাদের সেনাবাহিনী সরিয়ে ফেলার চিন্তাভাবনা করছে।
২০০৪ সালে শুরু হওয়া ইরাক অভিযানে প্রথমে ৩,৬০০ সেনা সেখানে পাঠালেও বর্তমানে তা ১,২০০ তে এসে ঠেকেছে।
ইরাকে সেনা মোতায়নে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের অনুমোদন ২০০৭ সালে শেষ হয়ে যাবে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা ওই সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি তদন্তের জন্য ইরাকে একটি তদন্ত দল পাঠাবে।
