২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় ৩ ভারতীয় তেলশিল্প কর্মী অপহৃত

নাইজেরিয়ার তেল শিল্পাঞ্চল পোর্ট হারকোর্ট থেকে শনিবার তিন ভারতীয় তেলশিল্প কর্মীকে অপহরণ করেছে সেদেশের জঙ্গিরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 May 2007, 03:50 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

মেশিনগান ও ডিনামাইটসহ সশস্ত্র জঙ্গিদের দলটি ভারতীয় কর্মীদের আবাসস্থল থেকে তাদের অপহরণ করে। অপহরণের ঘটনার সময় সেনাদের সঙ্গে সংঘাতে স্থানীয় এক গাড়িচালক নিহত হন। দেশটির সেনাবাহিনী একথা জানায়।

নাইজেরিয়ার ওই অঞ্চলের সেনা মুখপাত্র সাগির মূসা জানান, বন্দুকধারীরা মোট ১০ তেলশিল্প কর্মীকে অপহরণ করেছিল। অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় সেনারা তাদের কাছ থেকে সাতজনকে উদ্ধার করতে সক্ষম হয়। জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময়ের এক পর্যায়ে এক নাইজেরীয় গাড়িচালক নিহত হন।

সেনা মুখপাত্র আরও জানান, অপহৃত কর্মীদের সবাই ইন্দোনেশিয়ার ইন্দোরামা কোম্পানির কর্মী।

ভারতীয় ওই তেলশিল্প কর্মীরা সেখানকার আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে বাস করতেন। ডিনামাইট ও মেশিনগানধারী জঙ্গিরা ওই ফ্ল্যাটটি ঘিরে ফেলে এবং ১০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ফোনে একটি জরুরি উদ্ধার বার্তা পেয়ে সেখানে উপস্থিত হন জয়েন্ট টাস্ক ফোর্সের সেনারা।

অপহৃত তেলশিল্প কর্মীদের উদ্ধারের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে সেনা সূত্র জানিয়েছে।

২০০৬ সালের পর থেকে নাইজেরিয়ার তেলসমৃদ্ধ ব-দ্বীপ অঞ্চলে তেল শ্রমিকদের অপহরণ এবং মুক্তিপণ আদায় করার প্রবণতা বেড়ে যায়। এ পর্যন্ত প্রায় একশরও বেশি বিদেশি তেলশিল্প কর্মীকে অপহরণ করে জঙ্গিরা। তবে নিয়োগদাতাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পর তাদের বেশিরভাগকেই মুক্তি দেওয়া হয়।

সর্বশেষ এ ঘটনায় তিন ভারতীয়কে অপহরণের মধ্য দিয়ে জঙ্গিদের হাতে আটক তেলশিল্প কর্মীর সংখ্যা ১৫ জনে দাঁড়ালো।