মসজিদে বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিতে ১৬ জন নিহতের ঘটনায় থমথমে হায়দ্রাবাদ
ভারতের অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দ্রাবাদের ঐতিহাসিক মক্কা মসজিদে শুক্রবার জুমার নামাজের পর বোমা বিস্ফোরণ এবং পরবর্তী বিক্ষোভে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় শনিবার থমথমে অবস্থা বিরাজ করছে নগরটিতে। পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনাসহ স্পর্শকাতর এলাকাগুলোতে টহল জোরদার করেছে।
এদিকে শনিবার নিহতদের জানাজাকে কেন্দ্র করে নগরীতে আবারও বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার জুমার নামাজ শেষের পরপর মানুষজন মসজিদ থেকে বেরিয়ে আসার সময় মসজিদ চত্বরে ওই বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায় । এ হামলার প্রতিবাদে রাস্তাঘাটে যানবাহন ও দোকানপাটে ব্যাপক ভাংচুর চালায় বিক্ষুব্ধ মানুষ। বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো নগরীতে। বিক্ষোভ দমনে পুলিশ গুলি চালালে নিহত হয় আরও চারজন।
হায়দ্রাবাদের পুলিশ প্রধান বালবিন্দর সিং বলেন,“ একে একটি সন্ত্রাসবাদী কাজ বলে মনে করছি আমরা।”
তিনি জানান, মোবাইল ফোনের সঙ্গে স্টিলের পাইপ দিয়ে সংযুক্ত শক্তিশালী বিস্ফোরক জুড়ে দিয়ে ওই বিশেষ বোমা বানানো হয়েছিল। অবিস্ফোরিত অবস্থায় পাওয়া এমন দুটি মোবাইল-বোমা থেকে পুলিশ বিষয়টি নিশ্চিত হয়েছে। ওই দুটি বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশ। এ ধরনের মোবাইল-বোমা কোনো নির্দিষ্ট স্থানে ফেলে রেখে ওই ফোনে কল করলে রিং বেজে ওঠার সঙ্গে সঙ্গেই বোমাটি বিস্ফোরিত হয়।
গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় বিশ্লেষকরা বলছেন সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্যই এ হামলা চালানো হয়েছে। তাদের মতে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ছাত্র সংগঠন ‘স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া’ এ হামলায় জড়িত থাকতে পারে।
মুসলিম অধ্যুষিত হায়দ্রাবাদে অনেক ঐতিহাসিক মসজিদ আছে। ১৭ শতকের মক্কা মসজিদ এর মধ্যে সবচেয়ে বিখ্যাত। গত বছর ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি মসজিদে বোমা হামলায় ৩২ জন প্রাণ হারান।
