২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে: মনেমোহন

পারমাণবিক সহযোগিতা চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত এখনও আন্তরিক আলোচনা চালিয়ে যাচ্ছে এবং চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে মতানৈক্যগুলো শিগগিরিই চিহ্নিত করা যাবে বলে আশাপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 04:11 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

যুক্তরাষ্ট্র বুধবার ভারতের সঙ্গে এ মাসেই পরমাণু চুক্তি স্বাক্ষর করা নিয়ে সন্দেহ প্রকাশ করার পর মনমোহন এই আশার বাণী শোনালেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ইতোপূর্বে রয়টার্সকে বলেন, নয়াদিল্লিতে এ মাসেই ঊর্ধ্বতন কোনো মার্কিন কর্মকর্তা ভারত সফর করলেও চুক্তিটি চূড়ান্তভাবে অনুমোদনের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। ভারত এ বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে রাজি নয় বলেই জানান তিনি।

এর একদিন পরই মনমোহন জানালেন, চুক্তি নিয়ে আলোচনা থেমে নেই। তিনি বলেন, “আমরা বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিক আলোচনা চালিয়ে যাচ্ছি।” চুক্তি স্বাক্ষরের ব্যাপারে এখনোও আশাবাদী কিনা জিজ্ঞেস করা হলে মনমোহন বলে, তিনি মতপার্থক্যগুলো খুঁজে বের করার ব্যাপারে আশাবাদী।

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই পরমাণু চুক্তি নিয়ে দু’দেশেই সমালোচনার ঝড় উঠেছে। দু’দেশেরই আইন প্রণেতাদের অভিযোগ, এই চুক্তির বদৌলতে ছাড়ের মাত্রা অনেক বেশী কিন্তু বিনিময়ে প্রাপ্তি অনেক কম।

মতপার্থক্যগুলো খুঁজে বের করে তার সুরাহা করতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি নিকোলাস বার্নসের ভারত সফরে আসার কথাএ মাসেই। কিন্তু এখন পর্যন্ত তার ভারত সফরের কোনো দিনক্ষণ নির্ধারণ হয়নি।

চুক্তিটি স্বাক্ষরিত হলে গত ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পরমাণু জ্বালানি ও চুল্লি ব্যবহারের সুযোগ পাবে ভারত। ভারত অবশ্য এরই মধ্যে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এছাড়া দেশটি কখনই পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তিতে স্বাক্ষর করেনি।

যুক্তরাষ্ট্র ওই চুক্তিটিকে দেখছে আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে ২১ শতকের বড় ধরনের অর্জন হিসেবে। কিন্তু ২০০৫ সালে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়ার পর থেকে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে টানাপড়েন চলছে।

মার্কিন কংগ্রেসের একটি সূত্র এর আগে জানিয়েছিলেন, চুক্তিটি নিয়ে দুই পক্ষ নিজেদের মধ্যকার মতপার্থক্য কমিয়ে আনতে সক্ষম হয়েছে। তবে তিনি বুধবার বলেন, পররাষ্ট্র দপ্তরের ওই বক্তব্য থেকে ধারণা করা যায়, চুক্তিটি স্বাক্ষর করা নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহে ভাটা পড়ার বিষয়টি নিশ্চিত এবং ওয়াশিংটন সম্ভবত নয়াদিল্লির কাছ থেকে গত সপ্তাহে এ নিয়ে কোনো দুঃসংবাদ পেয়েছে। তিনি অবশ্য এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।