আরব দেশগুলোকে পরমাণু স্থাপনা পরিদর্শনের আহ্বান জানাল ইরান
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার উপসাগরীয় আরব দেশগুলোকে বিশেষজ্ঞ পাঠিয়ে তেহরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের আহ্বান জানিয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলের শঙ্কা দূর করতেই তিনি এই আহ্বান জানালেন।
ইরানের উপসাগরীয় অঞ্চলে নির্মাণাধীন ‘বুশেহের’ পারমাণবিক স্থাপনা ওই অঞ্চলের আরব দেশগুলোর জন্য উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নৈকট্যের কারণেই এই উদ্বেগ।
এই শঙ্কা, উদ্বেগ দূর করার চেষ্টায়ই ওমানের রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আহমাদিনেজাদ প্রতিবেশী দেশগুলোর বিজ্ঞানী, বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদদের তেহরানের বুশেহের পরমাণু স্থাপনায় নিবিড় পরিদর্শনের আমন্ত্রণ জানান।
ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে। এই কর্মসূচি যেকোনো মূল্যেই বন্ধ করতে চায় তারা।
কিন্তু এ কর্মসূচি বন্ধ করতে ইরানের অনঢ় অবস্থানের কারণে জাতিসংঘ তেহরানে ২ দফা নিষেধাজ্ঞা আরোপের পর আরেক দফা কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে। তারপরও কোনো হুমকি-ধামকিরই তোয়াক্কা করছে না ইরান।
সোমবার ইউএই সফরকালে আহমাদিনেজাদ কড়া ভাষায় বলেছেন, “যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে দাঁতভাঙা পাল্টা জবাব দেয়া হবে।”
তার এই হুঁশিয়ারিতে আরব উপসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা বেড়েছে। আর এ ধরনের যে কোনো সংঘাত উপসাগরীয় অঞ্চলের অর্থনীতিতে ধ্বস নামিয়ে দেয়াসহ তেল রপ্তানীর ওপরও মারাত্মক প্রভাব ফেলবে।
যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইরান সঙ্কট কূটনৈতিক পন্থায় সমাধানের কথা বলে আসলেও তারা সেখানে সামরিক হামলার সম্ভাবনা নাকচ করেনি। সম্প্রতি ইরাক নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই।
ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে এই বৈঠক হওয়ার কথা আগামী কয়েক সপ্তাহেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইস বলেছেন, ইরাকি বিদ্রোহীদের হাতে অস্ত্র সরবরাহ বন্ধের প্রয়োজনীয়তার ব্যাপারে দুপক্ষই একমত।
