২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচি এখন শান্ত, স্বাভাবিক হয়ে আসছে জীবনযাত্রা

দু’দিনের সহিংসতার পর পাকিস্তানের বন্দরনগরী করাচি এখন শান্ত। ধর্মঘটে স্থবির হয়ে পড়া জনজীবন মঙ্গলবার থেকে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। নগরীর পুলিশ প্রধান আজাহার ফারুকী রয়টার্সকে বলেছেন, “এ মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। জীবনযাত্রাও স্বাভাবিক হয়ে এসেছে।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 03:09 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

নগরীর নিরাপত্তা রক্ষায় আধাসামরিক বাহিনীর ১৩শ’ সদস্য মোতায়েন রয়েছে উল্লেখ করে আজাহার বলেন, “পুলিশ রেঞ্জারদের সঙ্গে যৌথ পাহারায় রয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”

ফারুকী আরও জানান, “মঙ্গলবার করাচির কোনো জায়গা থেকেই কোনো রাজনৈতিক সহিংসতা কিংবা হতাহতের খবর আসেনি।” 

এর আগে দুদিনের সহিংসতায় করাচিতে ৪০ জন নিহত এবং দেড়শতাধিক লোক আহত হয়। বিরোধীদলের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়ে নগরী।

কর্তৃৃপক্ষ নগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে ধর্মঘট ডাকে বিরোধী দলগুলো। দুই দশকের মধ্যে পাকিস্তানে এটিই সবচেয়ে  ভয়াবহ রাজনৈতিক সহিংসতা।

পাকিস্তানের বরখাস্ত হওয়া প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীর সফরকে কেন্দ্র করে শনিবার এ সহিংসতা শুরু হয়। রোববার সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও করাচিতে চাপা উত্তেজনা বিরাজ করছিলো।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রোববারই আধাসামরিক বাহিনীকে প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ দেয় সরকার।

করাচির পুলিশ প্রধান আজহার ফারুকী জানান, নিরাপত্তা বাহিনী সারা টহল জোরদার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুরো নগরীতেই চাপা উত্তেজনা বিরাজ করলেও মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

ইফতেখার চৌধুরীকে সরাতে সরকারের প্রচেষ্টা নিয়ে সৃষ্ট বিচার বিভাগীয় সঙ্কটের এক পর্যায়ে শনিবার করাচির রাজপথে ছড়িয়ে পড়ে ওই সহিংসতা। ১৯৮০ এর দশকের পর পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে এ ঘটনা। পাশাপাশি বিষয়টি পরিণত হয়েছে ১৯৯৯ সালে ক্ষমতা দখলের পর প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জে।

শনিবারের সহিংসতার জেরে সেখানকার গোষ্ঠীভিত্তিক গ্র“পগুলোর মধ্যে পুনরায় দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী সংঘাত শুরু হওয়ার উদ্বেগ দেখা  দেয় করাচিজুড়ে, যেমনটি হয়েছিল ১৯৮০ ও ১৯৯০ এর দশকে।