২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ের ছবি বিকৃত করেছে দুষ্কৃতিকারী

চীনের তিয়েনআমেন স্কয়ারে মাও সে তুঙের ঝুলন্ত ছবিটি শনিবার এক দুষ্কৃতকারী বিকৃত করার পর পুলিশ সঙ্গে সঙ্গে সেখানকার আশপাশের এলাকা খালি করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 May 2007, 08:46 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

ছবিটির বেশিরভাগ অংশই অক্ষত রয়েছে। তবে শ্রমিকরা ছবিটি পরিষ্কার করার সময় এর নিচের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। দুষ্কৃতকারী কোনো জ্বলন্ত বস্তু নিক্ষেপ করায় ছবিটির ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই ঘটনার পর তিয়েনআমেন স্কয়ার কিছুক্ষণের জন্য খালি করে ফেলা হয়। পরে পুলিশ কড়া নিরাপত্তার মধ্যে দর্শণার্থীদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়।

তিয়েনআমেন প্রশাসনিক কমিটির এক কর্মকর্তা ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তার বিস্তারিত কিছু জানা নেই। তবে বেইজিং পৌর সরকার ও স্থানীয় পুলিশ এ ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি।

১৯৮৯ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিপ্লবের পর থেকে তিয়েনআমেন স্কয়ার খুব স্পর্শকাতর স্থান হিসেবে চিহ্নিত হয়ে আসছে। সাধারণত সাদা পোশাকের নিরাপত্তারক্ষীরা জায়গাটি সবসময় ঘিরে রাখে।

মাও সে তুং এখনও চায়নার জাতীয় ঐক্য ও সামর্থ্যরে প্রতীক। চীনের নেতৃত্ব তাদের কর্তৃত্বের প্রতি কোনো বাধা পছন্দ করে না। তাই মাওয়ের ছবি বিকৃত করার অপরাধে ধরা পড়লে অপরাধীকে কঠিন সাজা পেতে হবে।

১৯৮৯ এ গণতন্ত্রের সমর্থনে বিক্ষোভ চলাকালে চীনা সাংবাদিক ইয়ো দংগুই একটি ডিমের খোসায় লাল রং ভর্তি করে মাও সে তুঙের ছবি লক্ষ্য করে ছুড়ে ছিলেন, যার কারণে তাকে ১৬ বছরের বেশি জেল খাটতে হয়। ২০০৬ সালে যখন তিনি মুক্তি পান তখন তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।