ইরাক ও ইরান নিয়ে চেনি-আবদুল্লাহ বৈঠক
সৌদি আরবের প্রত্যন্ত মরু শহর তাবুকে শনিবার যুক্তরাষ্ট্রের ইরাক-ইরান নীতি নিয়ে বৈঠকে বসেছেন দুই পুরোনো মিত্র মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এবং সৌদি বাদশাহ আবদুল্লাহ।
আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় মার্কিন নীতি কতটুকু সহায়ক বা আদৌ সহায়ক কিনা তা বিচার-বিশ্লেষণ করে দেখাই এ বৈঠকের লক্ষ্য।
দুবাইয়ের বিশ্লেষক মুস্তফা আলানি বলেছেন, “মধ্যপ্রাচ্য নীতিতে সৌদি আরবের সমর্থনের জন্য মার্কিনিরা মরিয়া। তারা এখন সত্যি সত্যি দুর্বল অবস্থানে আছে। সৌদি আরবের এখন যুক্তরাষ্ট্রকে যতটুকু প্রয়োজন তার চেয়েও যুক্তরাষ্ট্রের সৌদি আরবকে প্রয়োজন বেশি।”
বর্তমানে ইরাক পরিস্থিতির পাশাপাশি ইরানকে নিয়েও চিন্তিত যুক্তরাষ্ট্র। চেনি ইরানকে সবচে’ উদ্বেগজনক ইসু আখ্যাদিয়ে বলেছেন, আরব নেতাদের সঙ্গে আলোচনায় ইরান প্রসঙ্গ নিয়ে সর্বাগ্রে কথা বলবেন তিনি।
চেনি বলেন, ‘ইরান কেবল যুক্তরাষ্ট্রের জন্যই নয় এ অঞ্চলে আমাদের বেশির ভাগ বন্ধু দেশের জন্যই উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’’
এদিকে, সৌদি আরব সম্প্রতি তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালু করেছে। অন্যদিকে, ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতিকেও অবৈধ আখ্যা দিয়েছে তারা। বাদশাহ আবদুল্লাহ ইতমধ্যেই স্বাধীনচেতা মনোভাবের পরিচয় দিতে শুরু করেছেন।
তারপরও চেনির সঙ্গে বৈঠকে কৌশলের পরিচয় দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব খুবই ঘনিষ্ঠ। গত সপ্তাহে মিসরের শারম আল-শেখ এ ইরাক সম্মেলনের পর চেনি সৌদি আরব সফরে এলেন। ওই বৈঠকের পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র ইরাক সঙ্কট সমাধানে পুরোনো মিত্র দেশগুলোর সঙ্গে শলা-পরামর্শ করার নতুন উদ্যোগ নিয়েছে।
বিভিন্ন ইসু নিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বর্তমান শতিল সম্পর্কের মাঝে রিয়াদে চেনির এই বৈঠককে দুদেশের মধ্যে সম্পর্ক উষ্ণ করার প্রয়াস বলেই মনে করছেন কূটনীতিকরা।
