অবসর নেওয়ার কথা ভাবছেন দালাই লামা
আর কয়েক বছরের মধ্যেই অবসরে যাবেন তিব্বতি ধর্মগুরু দালাই লামা।
তবে অবসরে গেলেও তিব্বতি জনগণ, তিব্বতের পরিবেশ ও সংস্কৃতির উন্নয়নে তার মহান ব্রত অব্যাহত রাখবেন তিনি। যুক্তরাষ্ট্রে ম্যাসাচুসেটসের স্মিথ কলেজে প্রায় পাঁচ হাজার শিক্ষক-শিক্ষার্থ এবং আমন্ত্রিত তিব্বতি অতিথিদের সামনে এক ভাষণে বুধবার একথা জানান তিনি।
শান্তিতে নোবেল বিজয়ী ৭১ বছর বয়সী দালাই লামা বলেন, “আর কয়েক বছরের মধ্যেই পুরোপুরি অবসরে যাব আমি।”
অবশ্য এখনই নিজেকে প্রায় অবসরপ্রাপ্ত মনে করেন বলে জানিয়েছেন এ ধর্মগুরু। তিনি বলেন, মানব কল্যাণে সামান্য হলেও অবদান রাখার জন্য বিশ্ব তাকে স্বীকৃতি দিয়েছে।
গেরুয়া আর খয়েরি আলখাল্লা পড়া তিব্বতি নেতা বলেন, খুব শিগগিরই নির্বাসিত তিব্বতি নেতাদের নির্বাচিত সরকার তার মিশনের দায়িত্ব বুঝে নিতে পারবে। তিনি জানান, তিব্বতের স্বাধীনতা নয়, বরং অধিকতর স্বায়ত্তশাসন চান তিনি।
তবে তিব্বত তার দুই হাজার বছরের ইতিহাসের সবচেয়ে অন্ধকারতম অধ্যায়টি পার করছে বলেও ওই সভায় মন্তব্য করেছেন দালাই লামা।
১৯৫৯ সালে কম্যুনিস্ট শাসনের বিরুদ্ধে তিব্বতের অভ্যুত্থান দমনে চীনের সামরিক অভিযানের সময় ভারতের ধর্মশালায় আশ্রয় নেন দালাই লামা। সেখানে তিব্বতের প্রবাসী সরকার গড়ে তোলেন এবং তিব্বতের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিতে থাকেন।
নিজের উত্তরসূরী হিসেবে দালাইলামা যে বালককে মনোনীত করেছিলেন, ১৯৯৫ সাল থেকে গৃহবন্দি করে রাখা হয়েছে তাকে। ওই বালক ভিক্ষুকে যখন বন্দি করা হয় তখন তার বয়স মাত্র ছয় বছর। বিশ্বের সবচেয়ে কমবয়সী রাজনৈতিক বন্দি হিসেবে তাকে চিহ্নিত করে থাকে মানবাধিকার সংগঠনগুলো।
