২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাংলো-আমেরিকান বন্ধুত্ব অটুট রাখার প্রত্যয় রানী এলিজাবেথ ও বুশের

দুই দেশের সম্পর্ক অটুট রাখার প্রত্যয়ে রানী এলিজাবেথ ও প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ঐতিহাসিক অ্যাংলো-আমেরিকান বন্ধুত্বের সাফল্য কামনা করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 May 2007, 01:15 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

হোয়াইট হাউজে রানী ও তার স্বামী প্রিন্স ফিলিপের সম্মানে বুশ দম্পতির দেওয়া অত্যন্ত সম্মানজনক ও বিরল এক নৈশভোজে সোমবার তারা অ্যাংলো-আমেরিকান বন্ধুত্বের নামে ‘পান করেন’।

হোয়াইট হাউজে ব্রিটেনের রাজ দম্পতির সম্মানে দেওয়া এ নৈশভোজটি ছিল প্রেসিডেন্ট বুশ ও লরা বুশের দেওয়া সবচেয়ে সম্মানজনক প্রথম ‘হোয়াইট টাই ইভেন্ট’। মাত্র ১৩২ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয় এতে।

নৈশভোজ শুরুর প্রাক্কালে মার্কিন-ব্রিটিশ মিত্রতাকে ‘মঙ্গলের শক্তি’ হিসেবে অভিহিত করে বুশ বলেন, “আমরা একত্রে ইরাক ও আফগানিস্তানে নবীন গণতন্ত্রের পরিচর্যা করছি। আমরা একত্রে দারিদ্র, রোগ মুক্তি এবং সন্ত্রাসবাদসহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করছি।”

বুশ বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী শতাব্দীগুলোতেও এ অ্যাংলো-আমেরিকান বন্ধুত্ব অটুট থাকবে।”

রানী এলিজাবেথের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধাবনত বুশ বলেন, “তিনি আমার দিকে যেভাবে তাকান তা কেবল সন্তানের দিকে মায়ের স্নেহদৃষ্টির সঙ্গেই তুলনীয়।” তার এ মন্তব্যে সমবেত জনতা হাসিতে ফেটে পড়ে।

বুশ বলেন, “এ মহামান্যকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে পেরে আমেরিকার জনগণ অত্যন্ত গর্বিত। এ দেশকে আপন জানেন আপনি। সবচেয়ে বড় কথা, আপনি ১০ জন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডিনার করেছেন। ১৯৭৬ সালে এদেশের দ্বিশতবার্ষিকী উদযাপনে সহায় হয়েছিলেন আপনি।”

আটলান্টিক মহাসাগরের উভয় পারের বর্তমান নেতাদের উইন্সটন চার্চিল ও ফ্রাঙ্কলিন রুজভেল্টের মতো বিশ শতকের নেতাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান রানী এলিজাবেথ।

রানী বলেন, “ইউরোপ এবং অন্যত্র আমদের মিত্রদের সঙ্গে নিয়ে আগের সেসব প্রাজ্ঞ রাষ্ট্রনেতাদের দূরদর্শিতা ও চেতনা থেকে শিক্ষা নেওয়া অব্যাহত রাখতে পারি আমরা।”

পঞ্চান্ন বছর ধরে ব্রিটেনের রাজমুকুটের অধিকারী এলিজাবেথ বুশের সম্ভাষণের জবাবে বলেন, “এখন আগামীর দিকে তাকানোর সময়, আমাদের প্রতিশ্রুতিগুলোকে একত্রে এগিয়ে নিয়ে আরও সমৃদ্ধ, নিরাপদ ও মুক্ত একটা পৃথিবী গড়ার সময় এখন।”

এর আগে রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ হোয়াইট হাউজে এলে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট বুশ ও লরা বুশ। ঐতিহ্যবাহী মডেলের একটি কালো গাড়িতে চেপে সেখানে আসেন ব্রিটেনের রাজ দম্পতি। সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় বিমানবাহিনীর একটি চৌকস দলের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে গার্ড অফ অনারসহ হোয়াইট হাউজের দক্ষিণ লনে তাদের বরণ করে নেওয়া হয়। প্রায় সাত হাজার অতিথি এ সংবর্ধনায় উপস্থিত ছিলেন।