২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংক থেকে উলফোভিচের সহযোগীর পদত্যাগ

বান্ধবী শাহা রিজাকে অনৈতিক সুবিধা দেওয়া নিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট উলফোভিচের দুই প্রধান সহযোগীর একজন কেভিন কেলেমস সোমবার পদত্যাগ করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 May 2007, 08:55 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

এর কারণ সম্পর্কে কেভিন বলেন, বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্সি নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতিতে প্রতিষ্ঠানের কার্যক্রম এগিয়ে নেওয়া তার পক্ষে কঠিন হয়ে উঠেছে।

উলফোভিচকে নিয়ে এক সপ্তাহ যাবৎ বিতর্কের ঝড়ের মুখে কেভিন পদত্যাগ করলেন। ২০০৫ সালে উলফোভিচ পেন্টাগন ছেড়ে বিশ্বব্যাংকে যোগ দেওয়ার আগে থেকেই কেভিন এই প্রতিষ্ঠানে কাজ করে আসছিলেন।

সোমবার পদত্যাগ করে কেভিন বলেন, “উলফোভিচের বর্তমান প্রেসিডেন্সি নিয়ে বিশ্বব্যাংকের বিশৃঙ্খল পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম কার্যকরভাবে চালিয়ে যাওয়া দুরূহ হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “ব্যাংকের ব্যবস্থাপনা এবং কর্মকর্তা কর্মচারীদের আমি অত্যন্ত শ্রদ্ধা করি। বিশ্বব্যাংক ও এর স্টাফদের সঙ্গে আমার সম্পর্ক নিবিড়।”

উল্লেখ্য, উলফোভিন্তার বান্ধবীকে উচ্চ বেতনের পদন্নোতি ও অন্যান্য অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে কেলেঙ্কারিতে জড়িযে পড়ার পরপরই দেশে বিদেশে এমনকি খোদ বিশ্বব্যাংকের অভ্যন্তরেই তার প্রেসিডেন্সির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ব্যাংকের কর্মচারীরাসহ ইইউ এর কয়েকটি দেশ তাকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছে। কিন্তু চাপের মুখেও নতি স্বীকার করেননি উলফোভিচ।

তার ভাগ্য নির্ধারণ করা নিয়ে বিশ্বব্যাংকের শেয়ারহোল্ডারদের বোর্ড এ সপ্তায় বৈঠকে বসবে। এই বৈঠকেই স্থির হবে উলফোভিচকে পদত্যাগে বাধ্য করা হবে কিনা সে বিষয়টি। কিন্তু তার আগেই প্রধান সহযোগী কেভিনের পদত্যাগ উলফোভিচের ওপর নতুন করে পদত্যাগের চাপ সৃষ্টি করল।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র মতে, “উলফোভিচের জন্য বাদবাকী মেয়াদে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে থাকা একরকম অসম্ভব হয়ে উঠেছে। কারণ, তার প্রেসিডেন্সির আমলে এই ব্যাংকের বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন হয়েছে এবং বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণের লক্ষ্যে পরিচালিত এই ব্যাংকের মিশনের কার্যকারিতাও নষ্ট হয়েছে।

এদিকে, উলফোভিচ বান্ধবীকে অনৈতিক সুযোগ দেয়ার কথা স্বীকার করে নিলেও বলছেন, তিনি চক্রান্তের শিকার হয়েছেন। তার সুনাম ক্ষুন্ন করার চেষ্টায়ই তার বিরুদ্ধে বিরূপ প্রচার চালানো হয়েছে।