২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারকোজির বিজয়ে ফ্রান্সে সহিংসতা

ডানপন্থী নিকোলাস সারকোজি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ফ্রান্সে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 May 2007, 03:01 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

সমাজতন্ত্রী সিগোলেন রয়েলের সমর্থকদের সঙ্গে রোববার রাতে রাজধানী প্যারিস ও দ্বিতীয় বৃহত্তম শহর লিয়নসহ অন্যান্য স্থানে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বামপন্থী তরুণ পিকেটারদের ইট পাটকেলের জবাবে দফায় দফায় টিয়ার গ্যাস ছুঁড়েছে পুলিশ। বিক্ষোভ থামাতে জলকামানও ব্যবহার করতে বাধ্য হয় তারা। সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

প্যারিসের বাস্তিল স্কয়ারে কমপক্ষে দুই হাজার বামপন্থী সমর্থকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। মুখোশ পড়া তরুণ পিকেটাররা পাথরের টুকরো, বোতল ও বিভিন্ন ধরনের আবর্জনা ছুঁড়ে মারে পুলিশের দিকে। দফায় দফায় টিয়ার গ্যাস ছুঁড়ে এর জবাব দেয় পুলিশ। বিক্ষোভ দমাতে জলকামান দাগে পুলিশ।

নিরাপত্তা রক্ষায় রাজধানী প্যারিসসহ বিভিন্ন নগরীর স্পর্শকাতর স্থানগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভকারীরা শ্লোগান দেয়, “সবখানে পুলিশ! ন্যায়বিচার কোথাও নেই।”

দ্বিতীয় বৃহত্তম শহর লিয়নের প্রধান স্কয়ারেও পুলিশের সঙ্গে বামপন্থী সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়।

প্যারিসের আশপাশের উপশহরগুলিতে ব্যাপক বিক্ষোভের খবর পাওয়া গেলেও এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছে পুলিশ।

২০০৫ সালের দাঙ্গার জন্য সুপরিচিত আর্জেনটিউলেও পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ বাধে বামপন্থীদের। সারকোজি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে ‘বখাটে’ তরুণদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আর্জেনটিউলে দারুণ সমালোচিত হয়েছিলেন।

প্যারিসের উত্তরে ক্লিসিতে একটি গাড়ি পুড়িয়ে দেয় পিকেটাররা। উত্তরপূর্বের তুলুজে এবং দক্ষিণপূর্বের রেনে শহরের রাস্তায় রাস্তায় ময়লা আবর্জনা জমিয়ে আগুন ধরিয়ে দেয় তরুণরা।

নির্র্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারণায় সমাজতন্ত্রী প্রার্থী সেগোলিন রয়েল হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন, সারকোজি জয়ী হলে ফ্রান্সে দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে। রয়েলের মতে, সারকোজি কর্র্তৃত্ববাদী হওয়ার কারণে দরিদ্রদের মাঝে এবং বহুসংস্কৃতির মানুষদের আবাস মফস্বল ও বিভিন্ন নগরীর উপশহরগুলোতে উত্তেজনা বেড়ে যেতে পারে।