এডিবির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেদের কাঠামোগত সংস্কার
এশীয় উন্নয়ন ব্যাংকের ৪০ তম বার্ষিক সম্মেলনে সংস্থাটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে নিজেদের কাঠামো পুনর্গঠনের বিষয়টি।
একদিক দৈনিক দুই ডলারে জীবন নির্বাহকরী প্রায় দুইশ কোটি এশীয়র ভাগ্য উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে সংস্থাটিকে। অন্যদিকে মধ্যম আয়ের দেশগুলোর জন্য সহযোগিতা বৃদ্ধি করতে হবে। ২০২০ সালের মধ্যে বিশ্বের মোট প্রবৃদ্ধির ৪৫ শতাংশ অর্জিত হবে এ অঞ্চলে। ফলে এ অঞ্চলের উন্নয়নে এডিবি কী ভূমিকা রাখতে পারবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানের কিয়োতোয় সোমবারের বৈঠকের মূল্য প্রতিপাদ্যও ছিল ভবিষ্যত লক্ষ্য নির্ধারণ।
এডিবির বড় অংশীদাররা মনে করছেন, দারিদ্র মোকাবেলাই এখনও সংস্থাটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একইসঙ্গে এ অঞ্চল এবং বিশ্বজুড়ে পরিবেশ রক্ষায় শুদ্ধ ও কার্যকর জ্বালানি ব্যবহার নিশ্চিত করা হবে সংস্থাটির অন্যতম লক্ষ্য।
কিন্তু ৬৭ সদস্যের এ উন্নয়ন সংস্থাটির সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে তাদের নিজেদেরই কাঠামোগত সংস্কার। ভবিষ্যত এডিবির কাঠামো নির্ধারণে একটি বিশেষজ্ঞ প্যানেলের প্রতিবেদন নিয়ে বিতর্কে ব্যস্ত সদস্যরা। কারণ, এ প্রতিবেদনের ওপর ভিত্তি করেই অঞ্চলটির পরিবর্তনশীল অর্থনৈতিক গতিপ্রকৃতিতে ভুমিকা রাখতে অগ্রাধিকার ভিত্তিতে করণীয় নির্ধারণ ও নীতিমালা প্রণয়ন করতে হবে সংস্থাটিকে।
২০০৫ সালে উন্নয়নশীল এশিয়ার মাথাপিছু আয় ঠিল এক হাজার ডলার, যা ১৯৬৭ সালে ঠিল ১৭০ ডলারেরও কম।
১৯৯০ এর দশকে অর্থনৈতিক মন্দা থেকে দ্রুত বেরিয়ে এসেছে এশিয়ার দেশগুলো। এক দশক পর বাকি বিশ্বের সঙ্গে বাণিজ্য বেড়েছে তাদের। বৈদেশিক মুদ্রার সঞ্চয়ও বেড়েছে ঊর্ধ্বগতিতে।
কাজেই, ২০২০ সালের মধ্যে এশীয় অর্থনীতির নাটকীয় পালাবদলের কথা মাথায় রেখে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে চাইছে এডিবি। তাদের দৃষ্টিতে এশিয়ায় মনোযোগের মূল কেন্দ্রবিন্দু হতে হবে আরও অভ্যন্তরীণ ও পরিবেশগতভাবে টেকসই প্রবৃদ্ধি অর্জন, আঞ্চলিক সংহতি এবং প্রযুক্তিগত ও জ্ঞান ব্যবস্থাপনার প্রতি।
আফগানিস্তানের মতো যুদ্ধবিদ্ধস্ত দেশ, অর্থনৈতিক টানাপোড়েনে বিপর্যস্ত বাংলাদেশের মতো সদস্য থেকে শুরু করে চীন ও ভারতের মতো দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ এবং জাপান ও যুক্তরাষ্ট্রের মতো দাতা দেশও এডিবির সদস্য।
এশিয়ার অর্থনীতিকে কীভাবে আরও শক্তিশালী করার পাশাপাশি নিজেরে অবকাঠামোগত উন্নয়ন করা যায় তা নিয়ে স্পেনের মাদ্রিদে সংস্থাটির পরবর্তী বৈঠকের আগেই চূড়ান্ত পর্যালোচনায় পৌঁছতে চায় এডিবি।
