২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে কথা হবে, ইরাক আলোচনায় আশাবাদী হবেন না: রাইস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানৌচের মোত্তাকির সঙ্গে পুরোদস্তুর বৈঠকের সম্ভাবনা নাকচ করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 May 2007, 03:09 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

তবে রাইস বলেন, মিসর সম্মেলনে ইরানের যে কোনো প্রশ্নের উত্তর দিতে তিনি প্রস্তুত।

আর ইরানের সঙ্গে আলাপচারিতারও তিনি এড়িয়ে যাবেন না।

একইসঙ্গে রাইস সম্মেলনে ইরাকের স্থিতিশীলতা নিয়ে আলোচনায় আশাবাদী না হওয়ার পরামর্শ দেন।

রাইস বলেন, “ইরানের সঙ্গে আলাপচারিতায় সংঘাতের পরিবেশ সৃষ্টি হলে আমি বিনয়ীই থাকব এবং এর শেষ কোথায় তা দেখব।”

আলোচনা হলে প্রায় ৩ দশকের মধ্যে এটিই হবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ-পর্যায়ের বৈঠক। এ বৈঠকে কেবল ইরাক বিষয়ক আলোচনাই হবে বলে রাইস উল্লেখ করেন। তবে রাইস বলেন, আলোচনায় তেহরানের পরমাণু কর্মসূচি প্রসঙ্গ উঠে এলেও তিনি আলোচনা বন্ধ করবেন না।

এ ব্যাপারে রাইস বলেন, “আমি ইরানের যে কোনো প্রশ্নেরই জবাব দিতে প্রস্তুত।”

এর আগে যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন এক কর্মকর্তা সোমবার জানিয়েছিলেন, ইরাক সম্মেলনের ফাঁকে ইরানের সঙ্গে কথা বলতে রাজি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। তবে কেবল জরুরি প্রয়োজনেই ওই আলোচনায় বসবেন তিনি।

মিসরের শারম এল-শেখ অবকাশ যাপন কেন্দ্রে ইরাক সঙ্কট সমাধানের লক্ষ্যে আয়োজিত বৈঠকে রাইস এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানৌচের মোত্তাকির মধ্যে আলোচনার দিনক্ষণ এখনো নির্ধারিত না হলেও মার্কিন এক কূটনীতিক স্পষ্ট করেই বলেছেন, রাইস এই বৈঠক এড়িয়ে যাবেন না। এখন রাইসও নিজমুখে সেকথা বললেন।

যুক্তরাষ্ট্রের ইরাক সমন্বয়কারী ডেভিড স্টারফিল্ড সাংবাদিকদের বলেন “ আমরা ইরাক নিয়ে যে কোনো জরুরী আলোচনা করতে প্রস্তুুত।”

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইরাকি জঙ্গিদের মদদদান ও সহিংসতা উস্কে দেয়ার অভিযোগ করেছে। মোত্তাকির সঙ্গে বৈঠকে রাইস ইরানকে বিদেশী অস্ত্র আমদানি নিষিদ্ধ করাসহ, বিদেশি জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করা ও জঙ্গি প্রশিক্ষণ না দেওয়ার আহবান জানাবেন বলে মনে করা হচ্ছে।

তেহরান ইরাকে হস্তক্ষেপ করার মার্কিন অভিযোগ অস্বীকার করে আসছে। স্টার ফিল্ড আরও বলেন,“ আমরা ইরাককে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চাওয়ার বাণীই ইররানের কাছ থেকে আশা করব। আর তাই ইরানের কাছ থেকে এরকম কথা শোনারই চেষ্টা নেব আমরা।”

যুক্তরাষ্ট্রের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, ইরাক সীমান্তের নিরাপত্তা নিয়ে বহুপাক্ষিক সম্মেলনে ইরান রাইসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলে তিনি এ ব্যাপারে ইরানকে ব্যক্তিগত আলোচনায় বসার অনুরোধ জানাতে পারেন।

কিন্তু তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে দ্বিপক্ষীয় আলোচনার জন্য চাপ দিচ্ছে না এবং ইরানের পারমাণবিক নথিপত্র নিয়ে আলোচনা করার পরিকল্পনাও তাদের নেই। এ বিষয়টি দেখার ভার ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জ্যাভিয়ার সোলানার।

শারম এল-শেখ-এ ইরাক প্রসঙ্গে দুটি বৈঠক হবে-বৃহস্পতিবার ইরাক পুণর্গঠনের জন্য পাঁচ বছরের মেয়াদি অর্থনৈতিক ও রাজনৈতিক প্রস্তাব পেশ করে আন্তর্জাতিক চুক্তি সাক্ষর নিয়ে আলোচনা হবে।

শুক্রবার ইরাকের প্রতিবেশী দেশ ইরান ও সিরিয়াসহ, গ্রুপ-৮ এবং ইইউ ইরাকের পরিস্থিতি কিভাবে স্থিতিশীল করা যায় তা নিয়ে আলোচনা করবে।

সহিংসতার কারণে ইরাক পরিস্থিতি সম্প্রতি বিশৃঙ্খল।

সৌদিআরবের বাদশাহ ইরাক সম্মেলনের আগে ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকির সঙ্গে দেখা করতে রাজী হননি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। এ ব্যাপারে তিনি সৌদি আরবের ইরাকি ঋণ মওকুফ প্রসঙ্গে অঙ্গুলি নির্দেশ করেন।

ইরাক সম্মেলনের আয়োজক মিসরও এ সম্মেলন থেকে বেশীকিছু আশা না করার ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়েছে।

মিসরের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রকে বলেছেন “এই সম্মেলন ইরাকের সব সমস্যার সমাধান বয়ে আনবে কিংবা কোনো জাদু সূত্র বাতলে দেবে এটা আশা করা ঠিক হবে না।”