বিদেশি তেল কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়েছে ভেনিজুয়েলা
নিজেদের অরিনোকো এলাকায় অশোধিত তেল প্রকল্পগুলোয় তৎপর বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানিগুলোর কাছ থেকে নিয়ন্ত্রণভার ফিরিয়ে নিয়েছে ভেনিজুয়েলা।
মধ্যপ্রাচ্যের বাইরে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুতক্ষেত্রগুলোর মধ্যে অরিনোকো অন্যতম। সেনাবাহিনীর সমর্থনে হাজার হাজার শ্রমিক মঙ্গলবার কয়েকশ কোটি মার্কিন ডলার মূল্যের ওই প্রকল্পগুলো দখলে নেয়।
মে দিবসে লাল পোষাকে সজ্জিত হাজার হাজার শ্রমিকের শোভাযাত্রায় অংশ নেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। সেখানে তিনি শ্রমিকদের অভিনন্দন জানিয়ে ভেনিজুয়েলার জন্য যুক্তরাষ্ট্রের পরামর্শ দেওয়া নীতির অবসানের ঘোষণা দেন। এসব নীতি ওই অঞ্চলটির বিশাল তেল ক্ষেত্রগুলোয় বিদেশি বিনিয়োগের পথ উন্মুক্ত করেছিল।
অশোধিত তেল মজুতক্ষেত্র অরিনোকোর উন্নয়নে ফেব্রুয়ারিতে এক ডিক্রি জারি করে ভেনেজুয়েলা। সে অনুসারে যুক্তরাষ্ট্রের এক্সন মোবিল, কনকোফিলিপ্স ও শেভরন; ব্রিটেনের বিপি; নরওয়ের স্ট্যাটওয়েল ও ফ্রান্সের টোটাল তাদের প্রকল্পগুলোর নিয়ন্ত্রণ ছেড়ে দিল দেশটির হাতে।
জাতীয়করণ কর্মসূচির অন্যতম পদক্ষেপ গ্রহণের পর লাল টুপি, হেলমেট ও পতাকায় ছেয়ে যাওয়া লাখো শ্রমিকের সমাবেশে শাভেজ চিৎকার করে বলেন, “ভ্রষ্টনীতির অবসান ঘটাচ্ছি আমরা আজ।”
অরিনোকো অশোধিত তেল স্থাপনাগুলোর পার্শ্ববর্তী একটি সড়কের ওই জনসমাবেশে শাভেজ আরও বলেন, “আমাদের তেল উন্মুক্ত করার এ নীতির কবর দিলাম আমরা। এটা ছিল এমন উন্মুক্তকরণ যা ভেনিজুয়েলার অধিবাসীদেরকে তাদের সবচেয়ে শক্তিশালী ও বড় প্রাকৃতিক সম্পদ থেকে বঞ্চিত করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।”
শাভেজ যে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেন তার পেছনে একটি ব্যানারে লেখা ছিল- “তেলের পূর্ণ সার্বভৌমত্ব/ সমাজতন্ত্রের পথে যাত্রা।” তার ভাষণের সময় সমাবেশের ওপর দিয়ে টহল দেয় রাশিয়ার তৈরি কয়েকটি জঙ্গি বিমান। আর সমাবেশের সামনের সারির নারীরা চিৎকার করে মঞ্চের দিকে ছুড়ে দেন চুম্বন। শাভেজও জবাব দেন তাদের সে অভিনন্দনের।
ভেনিজুয়েলা তাদের তেল সম্পদ জাতীয়করণ সংক্রান্ত মে দিবসের এ পদক্ষেপ নিল প্রতিবেশী বলিভিয়ার গ্যাসক্ষেত্রগুলো জাতীয়করণ শুরু হওয়ার ঠিক এক বছর পর। সেদিন বলিভিয়ার বামপন্থী প্রেসিডেন্ট ও শাভেজের যুক্তরাষ্ট্রবিরোধী মিত্র ইভো মোরালেস তার দেশের গ্যাসক্ষেত্রগুলো দখলের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেন।
ভেনিজুয়েলার চারটি প্রকল্পের মূল্য তিন হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি এবং সে প্রকল্পগুলো থেকে দৈনিক প্রায় ছয় লাখ ব্যারেল অশোধিত তেলকে মূল্যবান সিনথেটিক তেলে রূপান্তরিত করা যায়।
এদিকে অংশীদার হিসেবে থাকা যায় কিনা তা নিয়ে বিদেশি কোম্পানিগুলো এখনও ভেনিজুয়েলার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে বিশ্লেষকরা ধারণা করছেন, এ পদক্ষেপের ফলে ভেনিজুয়েলা প্রতিদিন যে ৩০ লাখ ব্যারেল উত্তোলন করে তা কমে ২৬ লাখ ব্যারেলে নেমে যেতে পারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের তথ্য অনুসারে ভেনিজুয়েলা বিশ্বের অষ্টম তেল রপ্তানিকারক দেশ।
