যুদ্ধব্যয় বিলে মার্কিন প্রেসিডেন্টের ভেটো
মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ইরাক থেকে ২০০৭ সালের ১ অক্টোবর থেকে সেনা প্রত্যাহার শুরু করা সংক্রান্ত যুদ্ধব্যয় বিলে ভেটো দিয়েছেন।
প্রেসিডেন্টের মেয়াদকালে এটা তার দ্বিতীয় দফা ভেটো প্রয়োগ। এদিকে ডেমোক্রেট নেতারা প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বিলটির পক্ষে তাদের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
মঙ্গলবার বিলটিতে ভেটো দেওয়ার পর এক টিভি ভাষণে বুশ বলেন, “সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়ার অর্থ হলো ব্যর্থতার জন্য সময়সীমা বেঁধে দেওয়া। এটা দায়িত্বহীনতা।”
বুশ এমন এক সময় বিলটিতে ভেটো দিলেন যার ঠিক চার বছর আগে ইরাকে ‘যুদ্ধ শেষ’ ব্যানারের সামনে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছিলেন, যা যুদ্ধের সমালোচকদের তীব্র নিন্দার মুখে পড়ে।
বুশ যখন বিলটিতে ভেটো দিচ্ছিলেন তখন হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে যুদ্ধবিরোধীরা স্লোগান দিচ্ছিলেন ‘এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করো’।
এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেট ইরাক ও আফগানিস্তানের জন্য ১২ হাজার ৪০০ কোটি ডলারের জরুরি যুদ্ধ তহবিল বরাদ্দের অনুমোদন দেয়। ডেমোক্রেট নেতারা বিলটিতে ইরাক থেকে ২০০৭ সালের ১ অক্টোবর থেকে শুরু করে ২০০৮ সালের ৩১ মার্চের মধ্যে সব সেনা প্রত্যাহারের শর্ত জুড়ে দিয়েছেন।
এ প্রসঙ্গে বুশ বলেন, তিনি বিলটিতে ভেটো দিচ্ছেন, কারণ এটি “আমাদের সেনা কমান্ডারদের বিবেচনার জন্য রাজনীতিবিদদের দেওয়া মতামতের বিরোধী।”
ডেমোক্রেট নেতারা প্রেসিডেন্টের ভেটো প্রয়োগের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। বুধবার তারা ভেটো অকার্যকর করার জন্য ভোট দেওয়ার পরিকল্পনা করছেন। তবে তারা এ ক্ষমতা রাখেন না বলে বিলটির পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, “প্রেসিডেন্ট আমাদের কাছ থেকে যা খুশি তাই করার অধিকার চাইছেন। কংগ্রেস তাকে এ অধিকার দিতে প্রস্তুত নয়।”
ভেটো পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য বুশ কংগ্রেস নেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি দুই পক্ষের সদিচ্ছা থাকলে আমরা এমন একটি বিল তৈরি করতে পারবো যাতে আমাদের সেনারা যতো দ্রুত সম্ভব তাদের প্রয়োজনীয় অর্থ ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেতে পারে।”
পেলোসি এ বিষয়ে বুশের সঙ্গে কাজ করতে রাজি হলেও তিনি বলেন, “সমস্যা হলো, আমরা এই মুহূর্তে অনেক দূরে সরে গেছি।”
তবে সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট দলের নেতা হ্যারি রিড বুশের প্রস্তাবের বিরোধিতা করে বলেছেন, “প্রেসিডেন্ট যদি ভেবে থাকেন নিজের ভেটো ক্ষমতা প্রয়োগ করে তিনি ইরাক যুদ্ধের গতি পরিবর্তনের চেষ্টা থেকে আমাদের বিরত রাখতে পারবেন তবে তিনি ভুল করছেন।”
