শরণার্থীদের ফিরতে বাধা দিচ্ছে নেপালী মাওবাদীরা: জাতিসংঘ
নেপালের সাবেক মাওবাদী গেরিলারা দেশটির শরণার্থীদের নিজ নিজ এলাকায় ফিরে আসতে বাধা দিচ্ছে বলে সোমবার অভিযোগ করেছে জাতিসংঘ।
এরা এক দশকের গৃহযুদ্ধে বাস্তুচ্যুত হয়। সরকারের সঙ্গে চুক্তিতে শরণার্থীদের ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও মাওবাদীরা শরণার্থীদের ওপর আক্রমণ করছে বলে অভিযোগ রয়েছে।
একটি শান্তি চুক্তির আওতায় এপ্রিলে মাওবাদীরা একটি অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেয়। তারা নিশ্চিত করে, যুদ্ধের কারণে যেসব লোকজন এলাকাচ্যুত হয়েছে তাদের নিজ নিজ এলাকায় ফিরতে দেওয়া হবে। এছাড়া ফিরিয়ে দেওয়া হবে যুদ্ধের সময় দখল করা সব জমি-জমা, বাড়ি ও গবাদি পশুসহ সব বিষয় সম্পত্তি।
কিন্তু নেপালে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার (ওইচসিএইচআর) হাই কমিশনার লেনা শুন্ধ অভিযোগ করেছেন, মাওবাদী গেরিলারা অভ্যন্তরীণ স্থানান্তরিত শরণার্থীদের (আইডিপি) নিরাপদে স্বস্থানে ফেরত আসতে দিচ্ছে না।
এক বিবৃতিতে তিনি বলেন, “যেহেতু তারা বর্তমানে আন্তর্বর্তী সরকারের অংশ, তাই এখন সময় এসেছে তাদের নিজেদের প্রতিশ্রুতিগুলো স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করার।”
নেপালের কমিউনিস্ট পার্টিকে ইঙ্গিত করে এতে আরও বলা হয়, “অনেক শরণার্থী সিপিএন-এম এর স্থানীয় বাহিনীর কারণে তাদের বাড়িতে ফিরে আসতে ভয় পাচ্ছে।”
“আমরা খবর পেয়েছি যে বাড়িতে ফেরত আসতে চেষ্টা করা কিছু লোককে কেবল ধাওয়াই দেওয়া হয়নি, কয়েকজন তাদের হাতে মারও খেয়েছে।”
“মাওবাদীদের অবশ্যই শরণার্থীদের বিনা শর্তে, সসম্মানে এবং নিরাপদে ফেরত আসা নিশ্চিত করতে হবে।”
জাতিসংঘ বলেছে, এমন অনেক এলাকা আছে যেখানে নিরপেক্ষ ও স্বাধীন আইন কার্যকর নয়, কারণ মাওবাদীরা সেসব এলাকায় সরকার ও সমাজ নিয়ন্ত্রণ করে এবং সেখানে তাদের ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার সুযোগ নেই।
এই বিবৃতিতে আরও জানানো হয়েছে, “শরণার্থীদের ফেরত আসার মতো উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি।”
তবে এ ব্যাপারে মাওবাদী নেতাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।
মাওবাদীরা এ বছর সরকারের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে অন্তর্বর্তী পার্লামেন্টে যোগ দিয়েছে। এই চুক্তির মাধ্যমে দেশটিতে রাজতন্ত্রের বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান ঘটে। এ যুদ্ধে ১৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ওই চুক্তির আওতায় মাওবাদীরা জাতিসংঘ পর্যবেক্ষিত শিবিরে আত্মসমর্পণ করে এবং অস্ত্র জমা দেয়।
কিন্তু রাজনৈতিক দলগুলো মনে করে, মাওবাদীদের উচিত তাদের অবস্থার পরিবর্তন করে মূলধারায় ফিরে আসা।
