‘আইএইএ পর্যবেক্ষকদের ফিরিয়ে নিতে প্রস্তুত হচ্ছে উ কোরিয়া’
উত্তর কোরিয়া সম্ভবত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষকদের ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। একটি গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে দক্ষিণ কোরীয় পার্লামেন্টের গোয়েন্দা কমিটির এক বিবৃতিতে বৃহস্পতিবার একথা বলা হয়েছে।
বিবৃতিতে কমিটি জানায়, উত্তর কোরিয়ার পরমাণু চুল্লির বর্ধিত কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে, চুক্তির অংশ হিসেবে জাতিসংঘের পর্যবেক্ষকরা যাতে সেখানে যেতে পারেন পিয়ংইয়ং তারই প্রস্তুতি নিচ্ছে।
ফেব্রুয়ারিতে ছয় জাতি আলোচনায় সম্পাদিত চুক্তির শর্তানুসারে উত্তর কোরিয়া তাদের ইয়ংবিয়ন চুল্লি এবং বোমা তৈরির উপযোগী প্লুটোনিয়ামের উৎস বন্ধ শুরু করার ১৪ এপ্রিলের চূড়ান্ত সময়সীমা মানতে ব্যর্থ হয়। এর জন্য তারা আরও কয়েক দিন সময় চায়। ওই চুক্তিতে উত্তর কোরিয়া পরমাণু চুল্লিটিতে আইএইএর পরিদর্শকদের যেতে দিতেও সম্মত হয়।
একটি গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে দক্ষিণ কোরীয় পার্লামেন্টের গোয়েন্দা কমিটি বিবৃতিতে বলেছে, “এসব কর্মকাণ্ড সম্ভবত এলাকাটি এবং স্থাপনাগুলোতে আইএইএর পর্যবেক্ষকদের সফর এবং থাকার জন্য প্রস্তুত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।”
“পাঁচ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চুল্লিটি বর্তমানে স্বাভাবিকভাবেই চলছে। তবে পরমাণু স্থাপনাগুলোতে সুনির্দিষ্ট বৈশিষ্ট্যসূচক কর্মকাণ্ডও চালানো হচ্ছে।”
বিবৃতিতে আরও বলা হয়, শ্রমিকরা চুল্লিটির পেছনে একটি কাঠামো তৈরি এবং চত্বরটিতে যাওয়ার রাস্তা নতুন করে সাজিয়েছে।
পরমাণু কর্মসূচি প্রত্যাহারের পদক্ষেপ শুরু করার আগে ম্যাকাওয়ের একটি ব্যাংকে জব্দ আড়াই কোটি মার্কিন ডলার ছাড় করার দাবি জানিয়েছিল উত্তর কোরিয়া। পিয়ংইয়ঙের সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জব্দ করা হয় ওই অর্থ। যুক্তরাষ্ট্র পরে ওই অর্থের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।
