২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান কমছে

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ডানপন্থী নিকোলাস সারকোসি ও সমাজতন্ত্রী সিগোলেন রয়েলের মধ্যে দ্বিতীয় দফা নির্বাচনে ভোটের ব্যবধান কমে আসছে। দেশটির প্রথম দফা নির্বাচনের পর পরিচালিত জনমত জরিপে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Apr 2007, 03:38 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

প্রথম দফায় সারকোসি ৩১ দশমিক এক শতাংশ এবং রয়েল ২৫ দশমিক আট শতাংশ ভোট পেয়েছিলেন।

টিএনএস সফ্রে নামে একটি প্রতিষ্ঠান মঙ্গলবার সাম্প্রতিক ওই জরিপের ফলাফল প্রকাশ করে। এপ্রিল ২৩ ও ২৪ ওই জরিপ অনুষ্ঠিত হয় এবং এতে এক হাজার ফরাসি অংশ নেন। এতে দেখা গেছে, ৫১ শতাংশ ভোটার সারকোসিকে এবং ৪৯ শতাংশ রয়েলকে সমর্থন দিয়েছেন। তবে ২০ শতাংশ ভোটার জানান, তারা দ্বিতীয় দফায় কাকে ভোট দেবেন তা এখনও ঠিক করেননি।

এর আগে ওই প্রতিষ্ঠানটি এপ্রিল ১৮ ও ১৯ আরেকটি জরিপ চালায় যাতে সারকোসির প্রতি ৫৩ এবং রয়েলের প্রতি ৪৭ শতাংশ ভোটার সমর্থন দেন।

সাম্প্রতিক জরিপের ফলাফলে আরও দেখা গেছে, প্রথম দফায় ফ্রাঙ্কোস বেরুকে সমর্থন দেওয়া ভোটারের মধ্যে দ্বিতীয় দফায় ৪৬ শতাংশ রয়েলকে এবং ২৫ শতাংশ সারকোসিকে ভোট দেবেন।

অন্যদিকে ল্য পেনকে সমর্থন দেওয়া ৬২ শতাংশ ভোটার সারকোসিকে এবং ১৬ শতাংশ ভোটার রয়েলকে ভোট দেবেন।

জরিপে আরও দেখা গেছে, রয়েলকে সমর্থন দেওয়া ৪৩ শতাংশ ভোটার তার ওপর আস্থা রাখেন। কিন্তু ৫৪ শতাংশ সমাজতন্ত্রী রয়েলকে ভোট দিতে চান ডানপন্থী সারকোসিকে ঠেকানোর জন্য।

এক্ষেত্রে সারকোসির ওপর আস্থা রাখেন ৫৭ শতাংশ। কিন্তু রয়েলকে ঠেকাতে তাকে ভোট দিতে চান ৩৮ শতাংশ।