ইয়েলৎসিনকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে রাশিয়া, জাতীয় শোক দিবস বুধবার
রাষ্ট্রীয় মর্যাদায় ইয়েলৎসিনের শেষকৃত্যের আগেই মঙ্গলবার মস্কো গীর্জায় তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছে শ’শ’ রুশ নাগরিক। লম্বা লাইনে দাঁড়িয়ে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানায় প্রয়াত এই নেতাকে।
বুধবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় ইয়েলৎসিনের শেষকৃত্য অনুষ্ঠানের আগ পর্যন্ত তার দেহ এই গীর্জয়ই রাখা হবে। ফলে ওই সময় পর্যন্ত তাকে এক পলক দেখার সুযোগ পাচ্ছে জনগণ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার জাতীয় শোকদিবস পালনের ঘোষণা দিয়েছেন। সেইসঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণ ২৪ ঘন্টা অর্থাৎ, বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করেছেন তিনি।
সোভিয়েত যুগের অতীত থেকে দুরে সরিয়ে রাখতে ইয়েলৎসিনের সমাধিস্থল হিসাবে বেছে নেয়া হয়েছে ‘নোভোদেভিকে সমাধি’। এর অবস্থান প্রয়াত ক্রেমলিন নেতা লেনিন ও স্ট্যালিনের সমাধিস্থল ‘রেড স্কয়ার’ থেকে দূরে। নোভোদেভোকি সমাধিস্থল বিখ্যাত রুশ নেতাদের জন্য সংরক্ষিত। তবে এখানে কেবলমাত্র সাবেক সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভের সমাধি রয়েছে। বুধবার শেষকৃত্যের পর ইয়েলৎসিন এখানেই চিরনিদ্রায় শায়িত হবেন।
মঙ্গলবার রাশিয়ার জাতীয় পতাকা ওড়ানো একটি কালো লিমোজিন গাড়ীতে করে ইয়েলৎসিনের কফিন নিয়ে আসা হয় গীর্জায়। গড়িটি সচরাচর প্রেসিডেন্ট পুতিনই ব্যবহার করে থাকেন। তবে গাড়ী থেকে কফিন নামানোর সময় পুতিনকে দেখা যায়নি। পুরো সাজে সজ্জিত রুশ সেনাদের পাহারার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় কফিন গীর্জায় নেয়া হয়।
পরে তাকে শ্রদ্ধা জানাতে ‘ক্রিস্ট দ্য সেভিয়ার’ ক্যাথেড্রালের বাইরে সমবেত হয় রুশ নাগরিকরা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করে। কারো কারো হাতে ছিলো ফ্রেমে বাঁধানো ইয়েলৎসিনের ছবি। ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ভ্যালেরি পুস্তোভোইতেঙ্কো এবং ইউক্রেনে রাশিয়ার রাষ্ট্রদূত ভিক্টর চেরোনোমাইদিনও ইয়েলৎসিনকে ফুল ও ছবি দিয়ে শ্রদ্ধা জানান।
এদিকে, পত্র-পত্রিকার পাতাও ভরে গেছে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা আর শোকবাণীতে। তবে রাশিয়ায় প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই প্রেসিডেন্টের ত্রুটি-বিচ্যুতিগুলোও পত্রপত্রিকায় উঠে এসেছে সমানভাবে।
ইয়েলৎসিনের ৮ বছরের শাসনামলে অর্থনৈতিক দুর্দশা, চেচনিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে বিপর্যয়কর যুদ্ধের কথাও পত্রপত্রিকাগুলো তাদের রিপোর্টে তুলে ধরেছে। আর রাশিয়াকে গণতন্ত্র ও পুঁজিবাদের নতুন যুগে প্রবেশ করানোর কৃতিত্ব ইয়েলৎসিনকেই দিয়েছে তারা।
হৃদরোগে ভুগে সোমবার ৭৬ বছর বয়সে মারা গেছেন ইয়েলৎসিন। ‘ক্রিস্ট দ্যা সেভিয়র’ ক্যাথেড্রালেই তার শেষকৃত্য অনুষ্ঠান হবে। কমিউনিস্টরা এই গীর্জা উড়িয়ে দেয়ার পর ইয়েলৎসিনের আমলে তা পুনর্নির্মাণ করা হয়েছিলো। শেষকৃত্য উপলক্ষ্যে ক্যাথেড্রাল সাজানো হচ্ছে।
ক্যাথেড্রালের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে ২৭ বছর বয়স্ক রুশ নাগরিক ড্যানিল ক্লিমভ বলেন, “ইয়েলৎসিন সবসময় ইতিবাচক অনেক কিছুই করতে চেষ্টা করতেন, কিন্তু তা সবসময়ই উল্টো পথে চলে যেত। কাজটি ছিলো আসলেই কঠিন।”
সমাজতন্ত্রের কবর রচনা করে পুঁজিবাদের ধ্বজাধারী পশ্চিমা ধাঁচের রাশিয়ার অভ্যুদয় ঘটিয়েছিলেন ইয়েলৎসিন। তাই তার মৃত্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিনসহ সব বিশ্ব নেতারাই শোক প্রকাশ করেছেন।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস নিকোলায়েভিচ ইয়েলৎসিন মারা গেছেন, বয়স হয়েছিলো ৭৬। তার মৃত্যু বিশ্বকে যেন হটাৎ করেই ফিরিয়ে নিয়ে গেছে সোভিয়েত ইউনিয়ন পতনের দিনগুলোতে। উন্মত্ত এ অভিযানে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় সোভিয়েত ইউনিয়ন। তাই সমালোচকরা তাকে দেখেছেন বিশ্বাসঘাতক হিসেবে। তবে, পশ্চিমা বিশ্ব তাকে দেখেছে গণতন্ত্র আর পুঁজিবাদের নতুন যুগের প্রবক্তা হিসেবে।
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, “একটি নতুন যুগের প্রবর্তক মানুষটি চলে গেলেন, তাকে ধন্যবাদ। তার নেতৃত্বে বিশ্বের জন্য উন্মুক্ত এক নতুন গণতান্ত্রিক রাশিয়ার জন্ম হয়েছে। যে রাশিয়ার সব ক্ষমতা সত্যিকার অর্থেই তার জনগণের হাতে। ”
ইয়েলৎসিনের অনুসারী হিসেবে রাশিয়ার কর্তৃত্ব হাতে নেন পুতিন। কিন্তু ইয়েলৎসিনের নেওয়া অর্থনৈতিক সংস্কার কর্মসূচির ফলে রাশিয়ায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা থেকে পরিত্রাণের জন্যই সেখান থেকে সরে এসেছিলেন পুতিন। অনেক রাশিয়ানই সে সময়ে পুতিনকে সমর্থন করেছিলেন। পূর্বসূরীর মৃত্যুতে বুধবার রাশিয়ায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন পুতিন।
সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভ তার প্রতিক্রিয়া জানিয়েছেন সতর্কভাবে। তিনি বলেছেন, “মৃতের পরিবারের প্রতি গভীরতম সমবেদনা জানাচ্ছি আমি। এ দেশের মঙ্গলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ঘটনার ভার তার কাঁধেই ছিল। একইসঙ্গে অনেক মারাত্মক ভুলের দায়িত্বও ছিল তার।” গর্ভাচেভকে উৎখাতের মধ্য দিয়েই রাশিয়ার ক্ষমতায় এসেছিলেন ইয়েলৎসিন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বলেছেন, “রাশিয়ার স্বাধীনতার ভিত্তি তৈরিতে অবদান রেখেছিলেন তিনি।”
বুশের পূর্বসূরী বিল ক্লিনটন সাবেক এ রুশ নেতাকে একজন ভাল বন্ধু হিসেবে উল্লেখ করে বলেছেন, “নিয়তি তাকে দায়িত্ব দিয়েছিল একটি কঠিন সময়ে দেশ শাসনের। কিন্তু ইতিহাস অবশ্যই তার প্রতি সদয় হবে, কেননা তিনি সাহসী ছিলেন এবং শান্তি, স্বাধীনতা ও উন্নতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পেরেছিলেন।”
দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেওয়া ইয়েলৎসিন ছিলেন রাশিয়ার প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট এবং একইসঙ্গে স্বেচ্ছায় পদত্যাগকারী ক্রেমলিনের প্রথম নেতা। কমিউনিস্ট আন্দোলনের মধ্য দিয়ে পার্টিতে নিজের জায়গা করে নেন তিনি। পরে মস্কোতে তাকে পার্টির নেতৃত্বে তুলে আনেন গর্ভাচেভ। কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে জনপ্রিয় আন্দোলনের নেতৃত্বে চলে আসেন ইয়েলৎসিন এবং সোভিয়েত ইউনিয়নের কাঠামোর মধ্যে থাকাকালেই বিপুল ভোটে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
ইয়েলৎসিনের উত্থান এবং তার ক্ষমতারোহন ছিল অত্যন্ত নাটকীয়। ১৯৯১ সালের আগস্টে তিনি গর্বাচভের গ্লাসনস্ত ও পেরোস্ত্রোইকা যুগের অবসান ঘটানোর অভ্যুত্থান প্রতিহত করার নেতৃত্ব দেন। ওই সময় এক অভ্যুত্থান প্রচেষ্টায় গর্ভাচেভকে জিম্মি করে ফেলেন কিছু কট্টরপন্থী। ক্রেমলিনের সামনে সমবেত জনতাকে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করতে এরপর নিজেই একটি ট্যাংকের ওপর উঠে পড়ে বক্তৃতা করতে শুরু করেন ইয়েলৎসিন।
এর ঠিক চার মাস পরেই বেলারুশের একটি বাংলোতে বসে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার চুক্তিতে সই করেছিলেন ইয়েলৎসিন। সে সময় তিনি ও তার সহস্বাক্ষরকারীরা মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে ফোন করে বিষয়টি জানানোর পরই ক্রেমলিনে গর্ভাচেভকে সংবাদটি দিয়েছিলেন।
ব্যক্তি ইয়েলৎসিন আক্ষরিক অর্থেই ছিলেন মাতাল স্বভাবের। পাশাপাশি রাজনীতিতে তার উন্মত্ত আচরণকে মানানসই হিসেবেই দেখেছে গোটা বিশ্ব।
