২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মির-দিল্লি শান্তি আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নেই

নয়াদিল্লিতে ভারত সরকারের সঙ্গে কাশ্মিরের রাজনীতিকদের শান্তি আলোচনা শুরু হয়েছে মঙ্গলবার। গত বছর শুরু হওয়া গোলটেবিল আলোচনার তৃতীয় দফা বৈঠক এটি। কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতাদের কেউই এ আলোচনায় অংশ না নেওয়ায় এখান থেকে তেমন কোনো অগ্রগতির আশা করা যাচ্ছে না।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Apr 2007, 03:45 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যটির কেবলমাত্র ভারতপন্থী নেতারাই এ বৈঠকে অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা জানান, কাশ্মিরের অর্থনৈতিক উন্নয়ন, প্রশাসনিক ব্যবস্থা ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হবে বৈঠকে।

এদিকে কাশ্মিরের সর্বদলীয় হুরিয়াত কনফারেন্সের নেতারা এ বৈঠকের আমন্ত্রণ পাননি। তারা বলেছেন, এ বৈঠক কোনো কাজে আসবে না। কারণ, এ অঞ্চলের অবস্থানগত মূল ইস্যুটিকেই স্থান দেওয়া হয়নি। আলোচনায় আনা হয়নি ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াই করা জঙ্গিদের।

এবারের মতোই আগের গোলটেবিল বৈঠক দুটোই বয়কট করেন বিচ্ছিন্নতাবদী রাজনৈতিক নেতারা।

ভারত পাকিস্তান শান্তি আলোচনা শুরুর পর গত তিন বছর ধরে এখানে সহিংসতা কমলেও রাজনৈতিক শক্তিগুলোর অবস্থানগত তেমন কোনো পরিবর্তন হয়নি। বিশ্বের সবচেয়ে বেশি সেনা অধ্যুষিত অঞ্চলগুলোর একটি কাশ্মিরে ভারতীয় সেনা সংখ্যা কমিয়ে আনার জন্য কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপের মতোই দাবি জানিয়ে আসছেন স্থানীয় মূল ধারার রাজনীতিকরাও। কিন্তু ভারত বলেছে, সেনা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি।