২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীতে ফিরছেন পঞ্চম মহাকাশ পর্যটন সিমোনি

দুই সপ্তাহ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানের পর শনিবার পৃথিবীর পথে রওয়ানা দিয়েছেন বিশ্বের পঞ্চম মহাকাশ পর্যটক যুক্তরাষ্ট্রের চার্লস সিমোনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Apr 2007, 05:45 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রে ৭ এপ্রিল সয়ুজ টিএমএ-১০ রকেটে চড়ে বসেন চার্লস। সঙ্গী ছিলেন দুই রুশ মহাকাশচারী ফিয়োদোর উরচিখিন ও ওলেগ কোতোভ। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেন ৯ এপ্রিল। গ্রিনিচ মান সময় ১২৩১ এ তার কাজাখস্তানের ওই কেন্দ্রেই ফিরে আসার কথা।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ১২ দিন মহাকাশে অবস্থানের পর পৃথিবীর পথে সিমোনির রওয়ানা দেওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে যায় তা। ফলে মহাকাশে আরেকদিন থেকে যেতে হয় তাকে। এর জন্য তাকে অবশ্য আলাদা করে কোনো অর্থ দিতে হচ্ছে না।

হাঙ্গেরিতে জন্ম নেওয়া সৌখিন এই পর্যটক আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তার সম্মানে ছয় মহাকাশচারী আয়োজিত বিদায় অনুষ্ঠানে বলেন, “এখানে থাকতে আমার খুবই ভালো লেগেছে। এখানকার ক্রু ও কমান্ডাররা সত্যিই চমৎকার। আমি ফিরে যাচ্ছি। সঙ্গে নিয়ে যাচ্ছি আমাদের সবার জন্য আনন্দ-বিষাদে ভরা এ স্মৃতি।”

সিমোনি ও তার দুই সফরসঙ্গী ছাড়া আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের বাকিরা সদস্যরা হলেন, ডিসেম্বরে ওই কেন্দ্রে যাওয়া মার্কিন মহাকাশচারী সুনিতা ইউলিয়ামস, সাত মাস পৃথিবীর কক্ষপথে থাকা রাশিয়ার মিখাইল তুরিন ও নাসার মিচেল লোপেজ-আলেগ্রিয়া। শেষ দুজন পৃথিবীর পথে সিমোনির সঙ্গী হয়েছেন।

মাইক্রোসফটের ওয়ার্ড ও এক্সেল অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরিকারক দলটির নেতা সিমোনি মহাকাশে যেতে খরচ করেছেন আড়াই কোটি ডলার।