প্রধানমন্ত্রীর নিরাপত্তা পরিকল্পনায় ক্ষুব্ধ ইরাকিরা
ইরাকে লাগাতার বোমা হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নূরী আল-মালিকির নিরাপত্তা পরিকল্পনা নিয়ে চরম ক্ষুব্ধ যুদ্ধবিধ্বস্ত ইরাকিরা। বাগদাদে বুধবারের বোমা হামলায় ১৯১ জন নিহতের ঘটনার পরদিন বৃহস্পতিবার ইরাকিরা সরকারের পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
মালিকি বুধবারই বলেছিলেন, এ বছরের শেষ নাগাদ দেশের নিরাপত্তাভার নেবে ইরাক সরকার। সে রকম পরিকল্পনাই তার রয়েছে। তার এ বক্তব্য শেষ হতে না হতেই বাগদাদে কয়েকদফা বোমা হামলায় ১৯১ জনের প্রাণহানি ঘটে। সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিরা শিয়া এলাকাগুলোতে দফায় দফায় এই বোমা হামলা চালায়। ফেব্রুয়ারিতে ইরাক-মার্কিন বাহিনীর যৌথ জঙ্গি দমনাভিযান শুরুর পর ইরাকে এটিই সবচেয়ে বড় বোমা হামলার ঘটনা।
চলমান এই বোমা হামলায় ইরাকিরা হতাশ। হতাশা আর ক্ষোভের মিশ্রিত সুরে ইরাকি সাবাহ হায়দারের উক্তি, “সরকার নিরাপত্তা পরিকল্পনার কথা বলছে। অথচ একের পর এক ইরাকি প্রতিদিনই মারা যাচ্ছেন। কেউই আমাদের রক্ষা করছে না।”
আরেক ইরাকি রহিম আলীর কথায়, “যুক্তরাষ্ট্র বলছে, তারা ইরাকি জনগণকে রক্ষা করতেই এখানে আছে। কিন্তু তারা কিছুই করছে না।”
বোমা হামলাস্থলগুলোতে এখনও স্পষ্ট হয়ে আছে ধ্বংসের চিহ্ন। এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে মৃত ইরাকিদের ব্যবহার্য জিনিসপত্র, ভাঙা কাঁচ, ছোপ ছোপ রক্ত। বেশিরভাগ অধিবাসীই এই মর্মান্তিক ঘটনার জন্য ইরাকিদের রক্ষায় শিয়া পরিচালিত মালিকি সরকারের ব্যর্থতাকেই দায়ি করেছেন।
মালিকি এ বছরের শেষ নাগাদ বিদেশি বাহিনীর হাত থেকে দেশের নিরাপত্তভার ইরাকিদের হাতে নেওয়ার সুসংবাদ দিলেও বন্ধ করতে পারেননি সুন্নি আল কায়েদা জঙ্গিদের গাড়িবোমা হামলার মতো ভয়াবহ আরও সব হামলা।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইলিয়াম কাডওয়েল বলেছেন, “জঙ্গিরা জনগণের আস্থা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তারা নিরাপত্তা ব্যবস্থার উন্নতির দিক থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টায় লিপ্ত।”
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসও বুধবার তেলআবিব সফরকালে একই সুরে বলেছেন, জঙ্গিরা জাতীয় সংহতি বাধাগ্রস্ত করতে চায়।”
