২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার তেল-গ্যাস সম্পদ নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্তে ইভানভের সমর্থন

তেল ও গ্যাস সম্পদ রাশিয়া সরকারের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্তে সমর্থন ব্যক্ত করেছেন দেশটির প্রভাবশালী উপপ্রধানমন্ত্রী (প্রথম) সের্গেই ইভানভ। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এ খবর জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Apr 2007, 04:58 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

পত্রিকাটিতে বৃহস্পতিবার প্রকাশিত এবং ১২ এপ্রিল দেওয়া এক সাক্ষাতকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে বিবেচিত ইভানভ বলেন, “এগুলো আমাদের সম্পদ এবং কীভাবে এর উন্নয়ন করা যায় এবং কোথা থেকে তহবিল পাওয়া যাবে সেটা আমাদের বিষয়।”

ইভানভ বলেন, “প্রযুক্তি ক্ষেত্রের বিনিয়োগকারীদের মতো বিদেশি বিনিয়োগকারীদের ঠিকাদার হিসেবে আসার অনুমতি দেই আমরা। তবে আমি মনে করি না, অদূর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ কোনো ক্ষেত্র বিদেশি প্রতিষ্ঠানের মালিকানায় ছেড়ে দেওয়া হবে।”

সাবেক গোয়েন্দা ইভানভ আরও বলেন, ইউক্রেন ও বেলারুশে ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহের সিদ্ধান্ত বাতিলের বিষয়টি সোভিয়েতধর্মী সাম্রাজ্যবাদী নীতির প্রতিধ্বনি নয়, বরং তা ছিল পুঁজিবাদের প্রতি সমর্থন।

ইভানভ বলেন, “এখানে কোনো জ্বালানি সাম্রাজ্যবাদ নেই। তেল ও গ্যাসের একটা মূল্য আছে। একটা বাজার অর্থনীতি কেমন হবে, আপনারা তা আমাদের শিখিয়েছেন ১৯৯০ দশকের মাঝামাঝিতে। আমরা আমাদের শিক্ষা পেয়েছি।”

তিনি বলেন, “এখন আমরা সমালোচনা শুনতে পাচ্ছি যে ‘আপনারা ভুল কাজ করছেন। রাজনৈতিক অস্ত্র হিসেবে জ্বালানি মূল্যকে ব্যবহার করছেন।’ তবে আমরা প্রত্যেকের কাছেই বিক্রি করছি বাজার মূল্য অনুসারে।”

পুতিনের মেয়াদ আগামী বছর শেষ হওয়ার পর পুতিনবিরোধী কোনো মঞ্চে দাঁড়িয়ে কেউ সফল হবেন না বলেও দাবি করেছেন ইভানভ।

তিনি বলেন, “ওই ধরনের কোনো প্রার্থীরই সফল হওয়ার ন্যূনতম সুযোগ থাকবে না। কেউ কেউ চেষ্টা করতে পারেন। তবে তা হবে হাস্যকর। তারা বড়জোর এক বা আধা শতাংশ ভোট পাবেন।”

২০০৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে রাশিয়াকে অস্থিতিশীল করার বাইরের কোনো প্রচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “ওই ধরনের কাজ করার আকাঙ্খা থাকতে পারে কিংবা প্রচেষ্টা হতে পারে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। এখনকার রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা খুবই স্থিতিশীল। বিনিয়োগ করা অর্থ বিফলেই যাবে।”

এদিকে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান বৃহস্পতিবার জানিয়েছে, ব্রিটেন বসবাসকারী রুশ ধনকুবের বোরিস বেরেজোভস্কির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য পুনরায় দাবি জানিয়েছে রাশিয়া। তিনি হুমকি দিয়েছেন অভ্যুত্থানের মাধ্যমে পুতিনকে ক্ষমতাচ্যুত করার।