পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সমালোচনায় যুক্তরাষ্ট্র
ইরান তার ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে পরমাণু জ্বালানি তৈরি করার কাজ শুরু করেছে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানানোর পর যুক্তরাষ্ট্র দেশটির তীব্র সমালোচনা করেছে।
ইরানের বিরুদ্ধে বাড়াবাড়ি পর্যায়ে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগ এনে বুধবার ওয়াশিংটন সতর্ক করে বলে, এর ফলে দেশটি আরও একঘরে হয়ে পড়তে পারে।
আইএইএর পরিদর্শকরা নাতাঞ্জ ঘুরে আসার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিয়েনায় পাঠানো এক গোপন চিঠিতে বুধবার এ তথ্য প্রকাশ হওয়ার পর যুক্তরাষ্ট্র তাদের প্রতিক্রিয়া জানায়।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গর্ডন জনড্রো বলেন, “আইএইএর চিঠিতে স্পষ্ট বোঝা গেছে যে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে উপেক্ষা করার প্রবণতা বজায় রেখেছে। ইরানের নেতারা তাদের গর্বিত জনগণকে আরও নিঃসঙ্গতার দিকে ঠেলে দিচ্ছেন।”
“নেতারা যখন একে অর্জন হিসেবে দেখছেন, বাস্তবতা হলো দেশটি তখন আরও একধাপ পিছিয়ে পড়ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত প্রস্তাবনা মানার পরিবর্তে ইরানের এসব তৎপরতা দেশটিকে কেবল আরও অবরোধের দিকে ঠেলে দিতে পারে।”
