২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলফোভিচের ভাগ্য আগেভাগেই নির্ধারণ না করার আহ্বান যুক্তরাষ্ট্রের

বান্ধবীকে অনৈতিক সুবিধা দিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট উলফোভিচের ভাগ্য আগেভাগেই নির্ধারণ না করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Apr 2007, 04:39 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

উলফোভিচের কেলেঙ্কারির বিচরের ব্যাপারে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাংকের ২৪ জাতি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। সে কারণে ওই সিদ্ধান্তের আগেই উলফোভিচের বিচার না করতে ইউরোপীয়দের আহ্বান জানালেন মার্কিন অর্থমন্ত্রী হেনরি পলসন।

জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ড, ইতালিসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোর ত্রাণমন্ত্রীদের সঙ্গে সোমবার বৈঠককালে পলসন এ আহ্বান জানান। ইউরোপীয় কয়েকটি সূত্র একথা জানিয়েছে।

উলফোভিচের কেলেঙ্কারির ঘটনায় বিশ্ব ব্যাংকের সুনামহানি নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতেই পলসনের সঙ্গে ওই বৈঠকে বসেন ইউরোপীয় মন্ত্রীরা। বৈঠকে পলসন জানান, “যুক্তরাষ্ট্র এখনও উলফোভিচকেই সমর্থন দিচ্ছে এবং বিশ্ব ব্যাংক বোর্ড তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় তা দেখার অপেক্ষায় আছে।”

হোয়াইট হাউজও সোমবার উলফোভিচের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো বলেছেন, উলফোভিচের ওপর প্রেসিডেন্টের পূর্ণ আস্থা এখনও আছে।

বিশ্বব্যাপী ত্রাণমন্ত্রীদের কমিটি বৈঠকে রোববার বলা হয়েছে, “বান্ধবী শাহা রিজার সঙ্গে উলফোভিচের সম্পর্ক এবং তাকে পদোন্নতি কিংবা বেতন বেশি দেওয়া নিয়ে বিতর্কের কারণে ব্যাংকের বিশ্বাসযোগ্যতা যেন ক্ষণœœ না হয় সেদিকে দৃষ্টি দেওয়াটা জরুরি।”

কমিটির কড়া ভাষার এক বিবৃতিতে আরও বলা হয়, উলফোভিচ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে বহাল থাকলে পরিস্থিতির অবনতি পারে বলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এ কারণেই ইউরোপীয় দেশগুলো পদত্যাগের জন্য উলফোভিচের ওপর চাপ সৃষ্টি করেছে।

ব্রিটেন বলছে, ব্যাংকের ক্ষতিসাধন করেছেন তিনি। আর বিশ্ব ব্যাংক পরিচালনায় তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে জার্মানি।

অন্যদিকে, উলফোভিচকে সমর্থন করেছে আফ্রিকার দেশগুলো। লাইবেরিয়া তাকে একজন ‘সৃষ্টিশীল চিন্তাবিদ’ আখ্যা দিয়েছে। আর মৌরিতানিয়া বলেছে, তিনি ভাল কাজ করেছেন।

বান্ধবী শাহা রিজাকে উচ্চ বেতনে পদোন্নতি দেওয়ায় ভূমিকা থাকার কথা ইতোমধ্যেই স্বীকার করে সেজন্য ক্ষমা চেয়েছেন উলফোভিচ। তারপরও তাকে নিয়ে আস্থা সঙ্কট কাটছে না। ব্যাংকের কর্মচারীরা আগেই উলফোভিচের পদত্যাগ দাবি করেছে।

ব্রিটিশ উন্নয়ন মন্ত্রী হিলারি বেন এক বিবৃতিতে বলেছেন, “উচিত না হলেও বিষয়টি ক্ষতি সাধন করেছে ব্যাংকের। তাই আমাদের উচিত বোর্ডের প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকা। আর আমি নিশ্চিত, এ দৃষ্টিভঙ্গির সঙ্গে অন্য দেশগুলোও একমত পোষণ করবে।”

জার্মান উন্নয়ন মন্ত্রী হিডেমেরি উইচজোরেক-জিউল বলেন, ‘‘বিশ্বব্যাংকের নৈতিক অবস্থানের সঙ্গে উলফোভিচের কর্মকাণ্ড খাপ খায় না। যে প্রতিষ্ঠানটি দরিদ্র দেশগুলোর দারিদ্র মোকাবেলায় বছরে খরচ করছে প্রায় আড়াই হাজার কোটি মার্কিন ডলার।’’

রয়টার্সকে তিনি বলেন, “তার নিজেরই ভেবে দেখা উচিত, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হিসেবে তাকে আর বিশ্বাস করা যায় কিনা।”

ব্যাংকের কর্মচারী ইউনিয়নের প্রেসিডেন্ট এলিসন কেভ বলেন, ব্যাংকের সুনাম ক্ষুণœ হয়েছে এবং উন্নয়নশীল বিশ্বে ব্যাংকের বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা রক্ষার কাজ ব্যাংকের অংশদারদেরই করতে হবে।

ব্যাংকের কর্মচারীরা মনে করছেন উলফোভিচের নেতৃত্বে ব্যাংক তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে না।

উলফোভিচ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় ২০০৫ সালের মাঝামাঝি সময়ে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট হিসেবে তার নিয়োগ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশের ঘনিষ্ঠ সহযোগী উলফোভিচ এর আগে পেন্টাগনের দায়িত্বশীল পদে ছিলেন। ইরাক যুদ্ধের অন্যতম রূপকার হিসেবে তার সমালোচনা রয়েছে সারা বিশ্বে।

অন্যদিকে, আফ্রিকার মন্ত্রীরা বলেছেন, আফ্রিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উলফোভিচ।

লাইবেরিয়ার অর্থমন্ত্রী ও বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা এন্তোইনেত্তি সায়েহ বলেন, “উলফোভিচের আমলে আমরা সৃষ্টিশীল নেতৃত্ব এবং তড়িৎ অগ্রগতি দেখতে পেয়েছি।” আর মৌরিতানিয়ার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী রামা সিথানেন বলেছেন, “আমরা মনে করি তিনি ভাল কাজই করেছেন।”