ক্ষমতার দ্বন্দ্ব মেটাতে ইউরোপের দ্বারস্থ হয়েছেন ইউক্রেনের দুই নেতা
দুই কর্ণধার যদি লড়েন, রাষ্ট্রের নাভিশ্বাস দশাই স্বাভাবিক। ইউক্রেনেরও তাই। প্রেসিডেন্ট ভিক্টর ইয়ুশচেঙ্কো ও প্রধানমন্ত্রী ভিক্টর ইয়ানুকোভিচের মাঝে জিইয়ে থাকা ক্ষমতার লড়াইয়ে জেরবার অবস্থা সাবেক সোভিয়েত দেশটির। আর এই সঙ্কট থেকে মুক্তি পেতে এবার দুই নেতাই সালিশ নিয়ে গেছেন ইউরোপীয় বিভিন্ন প্রতিষ্ঠানে।
ইয়ুশচেঙ্কো গেছেন ব্রাসেলসে। পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার যে ডিক্রি জারি করেছেন, তার পক্ষে সাফাই গাইবেন তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশন প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসোর কাছে।
ডিক্রির বিরোধিতাকারী ইয়ানুকোভিচ ফরাসি শহর স্ট্রাসবুর্গে আছেন। সেখানে কাউন্সিল অফ ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন, এক অধিবেশনে বক্তৃতাও করেছেন তার অবস্থানের স্বপক্ষে।
এদিকে রাজধানী কিয়েভে সংবিধান বিষয়ক আদালতে শুনানী চলছে ডিক্রিটা বেআইনী কিনা নিশ্চিত হতে। প্রধানমন্ত্রীর মিত্রদের নিয়ন্ত্রণে থাকা সংসদ শুনানী ডেকেছে অচলাবস্থার কারণে দেশটির অর্থনৈতিক ক্ষতির একটি খতিয়ান নিতে।
এতোকিছুর মাঝেও সঙ্কট কাটাতে একটি রাজনৈতিক চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন দুই নেতাই। সবচেয়ে সম্ভাব্য আপোষটি হতে পারে ডিক্রিতে উল্লিখিত ২৭ মের নির্বাচন পরিত্যক্ত ঘোষণা করা। পশ্চিমঘেঁষা ইয়ুশচেঙ্কো সোমবার আবারও নতুন করে সমঝোতার ডাক দিয়েছেন। সেইসঙ্গে এটাও জানিয়ে রেখেছেন, নতুন নির্বাচনের দাবি থেকে পিছু হটছেন না তিনি। বলেছেন, “নির্বাচন অনুষ্ঠানের জন্য সব পক্ষকেই কিছু কিছু ব্যাপারে ছাড় দিয়ে সমঝোতায় আসতে হবে। তবে তার আগে আসুন একমত হই যে দ্রুত নির্বাচন অনুষ্ঠানই এই সঙ্কট থেকে উত্তরণের একমাত্র পথ। এটা এমন একটা পরিস্থিতি যা নিয়ে পর্যালোচনার সুযোগ নেই।”
ডিক্রির পক্ষে বিপক্ষে মিছিল-সমাবেশ চলছেই। ফিরিয়ে আনার চেষ্টা চলছে তিন বছর আগের সেই পরিস্থিতি। হয়নি যদিও। ২০০৪ সালে কিয়েভের তুষার ঢাকা ইনডিপেন্ডেন্ট স্কোয়ারে হাজার দশেক বিক্ষুব্ধ সমাবেশকারী রীতিমতো বিপ্লব ঘটিয়ে ফেলেছিলেন। “অরেঞ্জ রেভ্যলুশন” নামে দেশটির ইতিহাসে ঢুকে যাওয়া সে ঘটনায় দুই নেতার দড়ি টানাটানি বরং নতুন করে ব্যাপ্তি নিয়েছে।
সেবার কর্তৃপক্ষ কারচুপির এক নির্বাচনে ইয়ানুকোভিচকে বিজয়ী ঘোষণা করতে যাচ্ছে, এমন এক জল্পনায় সেই সফল প্রতিবাদ সমাবেশ আয়োজিত হয়েছিল। একইসময় ইয়ুশচেঙ্কো বিষ প্রয়োগে হত্যাপ্রচেষ্টা থেকে দৈবাৎ বেঁচে যান।
বছর খানেক আগে আবার নির্বাচন জিতে ক্ষমতার বলয়ে ঢুকে পড়েন ইয়ানুকোভিচ। গত আগস্টে ইয়ুশচেঙ্কো তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করতে বাধ্য হন। দুজনের রেষারেষি চরমে তখন থেকেই। ইইউ ও ন্যাটোর আশীষ পাওয়া ইয়ুশচেঙ্কোর অভিযোগ, মস্কোঘেঁষা ইয়ানুকোভিচ তার সমর্থকদের বেআইনীভাবে ভোটার তালিকাভুক্ত করছেন, যাতে জোট সরকারে ঢুকে পড়া যায়।
গত সপ্তাহে কিয়েভে এক সফরে আসা ইইউর একটি প্রতিনিধি দল এবং ইউরোপের ক্ষমতাধররা সুপারিশ করেছেন নির্বাচনের ঘোষিত তারিখ পিছিয়ে দিতে। ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট মারেক সিউই অবশ্য পরিষ্কার করে দিয়েছেন, ইয়ুশচেঙ্কো ২০০৪ সালে একচেটিয়া পশ্চিমা সমর্থন পেলেও এবার কোনো নেতাই বিশেষ খাতির পাবেন না।
দুপক্ষই রাজি হয়েছে সংবিধান আদালতের রায় মেনে চলতে। কিন্তু বেশিরভাগ কর্মকর্তারই অভিমত, রায়ের ফলে দুপক্ষে ব্যবধান আরও বাড়বে। তারা বরং আইনী সংঘাত এড়িয়ে রাজনৈতিক সমঝোতার পক্ষে।
