মুসলিম অধুষ্যিত দক্ষিণাঞ্চলে রেল চলাচল বন্ধ করল থাইল্যান্ড
মালয়েশিয়া সীমান্তবর্তী মুসলিম-বিদ্রোহী অধুষ্যিত দক্ষিণাঞ্চলে সোমবার রেল চলাচল বন্ধ করেছে থাইল্যান্ড। এক ট্রেনে বন্দুকধারীদের হামলার পর কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
তারা জানান, দক্ষিণের ইয়ালা প্রদেশগামী ট্রেনগুলো ইয়ালাতেই থামবে এবং যাত্রীদের বাসে করে মালয়েশিয়া সীমান্তে নেয়া হবে। এ পদক্ষেপের ফলে ১৪টি ট্রেন সার্ভিস ক্ষতিগ্রস্ত হয়েছে।
গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতার সর্বশেষ ঘটনা ছিল ট্রেনে বন্দুকধারীদের হামলার ওই ঘটনা। এতে ৩ জন আহত হয়। এ অঞ্চলে গত তিন বছরের বিচ্ছিন্নতাবাদী সহিংসতায় প্রাণহানি হয়েছে দু’হাজরেরও বেশি লোকের।
পুলিশ জানায়, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিয়াতের বাজার থেকে মটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রোববার গুলি করে হত্যা করা হয়েছে ৭০বছর বয়স্ক বৌদ্ধ থংমি মেইনমানকে। হত্যার পর তার লাশ পুড়িয়ে ফেলা হয়।
স্থানীয় পুলিশ প্রধান বুনলিউ চুওয়েথ রয়টার্সকে জানান, কমপক্ষে চারজন হামলাকারী এ ঘটনা ঘটিয়েছে। লাশ পোড়ানোর পর তারা তার মটরসাইকেলটিও নিয়ে যায়।
বুনলিউ বলেন, লাশ পোড়ানোর আগে হামলাকারীরা মেইনমানের মাথা ও বুকে পাঁচটি গুলি করে।
ইয়ালায় এর আগে গত সপ্তাহে ২৬ বছর বয়স্ক এক বৌদ্ধ নারীকে গুলি করে জীবন্ত পুড়িয়ে মারা হয়। ওই ঘটনায় প্রতিবাদে ঝড় ওঠে থাইল্যান্ডের বৌদ্ধ অধুষ্যিত এলাকায়।
এছাড়া অপর এক ঘটনায় উপজাতীয় মালয় এলাকার এক মুসলিম গ্রাম প্রধানকে তার ঘরের সামনেই গুলি করে হত্যা করা হয়।
