ঘরে-বাইরে চাপের মুখেও পদত্যাগ করছেন না উলফোভিচ
বান্ধবীকে অনৈতিক সুবিধা দিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট উলফোভিচ ঘরে-বাইরে চাপের মুখেও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। উলফোভিচ নিজ মুখে দোষ স্বীকার করে নিলেও তাকে নিয়ে আস্থা সঙ্কট কাটছে না।
উলফোভিচের নেতৃত্বে বিশ্বব্যাংক কাঙ্খিত লক্ষ্যে পৌঁছবে না এমনই মনে করছেন ব্যাংকের কর্মচারীরা। তারা ইতোমধ্যেই তার পদত্যাগের দাবি তুলেছেন। উপরন্তু তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ইউরোপের দেশগুলোও পরোক্ষভাবে পদত্যাগের জন্য তার ওপর চাপ সৃষ্টি করেছে। কেলেঙ্কারির পর ওই পদে উলফোভিচের বহাল থাকা নিয়ে গভীর উদ্বেগ-অস্বস্তিতে আছে সদস্য দেশগুলো।
কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা না করে উলফোভিচ বলেছেন, তিনি স্বপদে বহাল থাকতে চান। প্রতিষ্ঠানের মিশন সফল করায় তিনি বিশ্বাসী এবং তা পারবেন-সে আস্থা তার আছে। সাহায্যদাতা দেশগুলোর মন্ত্রীদের নিয়ে গঠিত বিশ্বব্যাংক উন্নয়ন পরিষদ রোববার উলফোভিচের কঠোর সমালোচনা করে বিবৃতি দেয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি ওই কথা বলেন।
বান্ধবী শাহা রিজাকে অনৈতিক সুবিধা দিয়ে পদোন্নাতি দেয়ার ঘটনায় উলফোভিচের ভূমিকা নিয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় ‘অস্বস্তি’ প্রকাশ করা হয় বিশ্বব্যাংক উন্নয়ন পরিষদের বিবৃতিতে। মন্ত্রীদের যৌথ বিবৃতিতে বলা হয়, “বর্তমান পরিস্থিতি আমাদের সবার জন্যই উদ্বেগের।”
মন্ত্রীরা বলেছেন, “লক্ষ্য অর্জনে ব্যাংকের সফলভাবে কাজ করতে পারার বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। বিশ্বাসযোগ্যতা আর সুনাম ধরে রেখেই এ কাজ চালিয়ে যেতে হবে এবং অবশ্যই ব্যাংক কর্মীদের জন্যও অনুপ্রেরণা নিশ্চিত করতে হবে।”
বিবৃতিতে আরও বলা হয়, “বিষয়টি সুরাহার জন্য কাজ করছে পরিচালনা পরিষদ। তাদেরকে কাজ শেষ করার সময় দিতে চাই আমরা।”
সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে উলফোভিচ ভুল স্বীকার করে নিয়ে বলেন, এ পরিস্থিতিতেও তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান না। সংস্থাটির লক্ষ্য অর্জনের বিষয়টি সম্পর্কে তিনি সচেতন রয়েছেন উল্লেখ করে বলেন, ‘‘সে কাজটি করতে পারবো বলেই আমি মনে করি।”
এ প্রসঙ্গে, ব্যাংকের কর্মচারী ইউনিয়নের প্রেসিডেন্ট এলিসন কেভ বলেন, ব্যাংকের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং উন্নয়নশীল বিশ্বে ব্যাংকের বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা রক্ষার কাজ ব্যাংকের অংশীদারদেরই করতে হবে।
