ইউরোপীয় দেশগুলোর চাপের মুখে উলফোভিৎস
বান্ধবীকে অনৈতিক সুবিধা দিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট উলফোভিৎসের পদত্যাগ প্রশ্নে এবার চাপ দিচ্ছে ইউরোপের দেশগুলো। বিশ্বব্যাংক পরিচালনায় তার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে।
ব্রিটেন বলছে, ব্যাংকের ক্ষতি সাধান করেছেন উলফোভিৎস। আর বিশ্বব্যাংক পরিচালনায় তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে জার্মানি।
অন্যদিকে, উলফোভিৎকে সমর্থন করেছে আফ্রিকার দেশগুলো। লাইবেরিয়া তাকে একজন “সৃষ্টিশীল চিন্তাবিদ” আখ্যা দিয়েছে। আর মৌরিতানিয়া বলেছে, তিনি ভাল কাজ করেছেন।
বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) এর বৈঠকগুলোতেও উঠে এসেছে উলফোভিৎসের কেলেঙ্কারি প্রসঙ্গ।
বান্ধবী শাহা রিজাকে উচ্চ-বেতনের পদোন্নতি দেওয়ায় ভূমিকা থাকার কথা ইতোমধ্যেই স্বীকার করে সেজন্য ক্ষমা চেয়েছেন উলফোভিৎস। তারপরও তাকে নিয়ে আস্থা সঙ্কট কাটছে না। ব্যাংকের কর্মচারীরা আগেই উলফোভিৎসের পদত্যাঘ দাবি করেছে। এবার ইউরোপীয় দেশগুলোও পরোক্ষভাবে তাকে সরে পড়ার ইঙ্গিত দিয়ে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করছে।
ব্রিটিশ উন্নয়ন মন্ত্রী হিলারি বেন এক বিবৃতিতে বলেছেন, “উচিত না হলেও বিষয়টি ক্ষতি সাধন করেছে ব্যাংকের। তাই আমাদের উচিত বোর্ডের প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকা। আর আমি নিশ্চিত এ দৃষ্টিভঙ্গির সঙ্গে অন্য দেশগুলোও একমত পোষণ করবে।”
জার্মান উন্নয়ন মন্ত্রী হিডেমেরি উইচজোরেক-জিউল বলেছেন, ‘‘বিশ্বব্যাংকের নৈতিক অবস্থানের সঙ্গে উলফোভিৎসের কর্মকাণ্ড খাপ খায় না। যে প্রতিষ্ঠানটি দরিদ্র দেশগুলোর দারিদ্র মোকাবেলায় বছরে খরচ করছে প্রায় আড়াই হাজার কোটি মার্কিন ডলার।’’
রয়টার্সকে তিনি বলেন, “তার নিজেরই ভেবে দেখা উচিত বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হিসাবে তাকে আর বিশ্বাস করা যায় কিনা।”
এদিকে, কেলেঙ্কারি নিয়ে বিশ্ব ব্যাংকের পরিচালনা পর্ষদের তদন্ত শেষ হওয়ার আগেই উলফোভিৎসের অপরাধ বিচারে সতর্ক থাকতে ব্যাংকের সদস্য দেশগুলোর আহ্বান সত্ত্বেও ব্যাংক কর্মচারী এবং উন্নয়ন সংগঠনগুলো তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে, শাসন এবং দুর্নীতি মোকাবিলায় “দ্বিমুখী নীতি” অবলম্বন করেছেন উলফোভিৎস।
ব্যাংকের কর্মচারি ইউনিয়নের প্রেসিডেন্ট এলিসন কেভ বলেন, ব্যাংকের সুনাম ক্ষুণœ হয়েছে এবং উন্নয়নশীল বিশ্বে ব্যাংকের বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা রক্ষার কাজ ব্যাংকের শেয়ারহোল্ডারদেরই করতে হবে।
ব্যাংকের কর্মচারিরা মনে করছেন উলফোভিৎসের নেতৃত্বে ব্যাংক তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবে না।
উলফোভিৎস কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় ২০০৫ সালের মাঝামাঝি সময়ে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট হিসাবে তার নিয়োগ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশের ঘনিষ্ঠ সহযোগী উলফোভিৎস এর আগে পেন্টাগনের দায়িত্বশীল পদে ছিলেন। ইরাক যুদ্ধের অন্যতম রূপকার হিসেবে তার সমালোচনা রয়েছে সারাবিশ্বে।
যদিও হোয়াইট হাউজ শুক্রবার উলফোভিৎসকে সমর্থন করে বলেছে, তার উপর পূর্ণ বিশ্বাস রয়েছে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের।
অন্যদিকে, ওয়াশিংটনে সফররত আফ্রিকার মন্ত্রীরা বলেছেন, আফ্রিাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উলফোভিৎস।
লাইবেরিয়ার অর্থমন্ত্রী ও বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা এন্তোইনেত্তি সায়েহ বলেন, “উলফোভিৎসের আমলে আমরা সৃষ্টিশীল নেতৃত্ব এবং তড়িৎ অগ্রগতি দেখতে পেয়েছি।” আর মৌরিতানিয়ার উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী রামা সিথানেন বলেছেন, “আমরা মনে করি তিনি ভাল কাজই করেছেন।”
