বসরায় ৮ বন্দুকধারীকে হত্যা করেছে ব্রিটিশ বাহিনী
ইরাকের বসরা নগরীতে ৮ জন বন্দুকধারীকে হত্যা করেছে ব্রিটিশ সেনারা। এ মাসের শুরুতে যে সেনা ফাঁড়িতে জঙ্গি হামলায় ৪ ব্রিটিশ সেনা নিহত হয়েছিলো তার কাছাকাছি জায়গায়ই এই বন্দুকধারীদের হত্যা করে সেনারা। ব্রিটিশ সেনাবাহিনী শনিবার একথা বলেছে।
বসরাকে নিরাপদ করার চেষ্টায় ব্রিটিশ সেনারা আগ্রাসী পদক্ষেপ নিয়েছে। এ বছরের শেষ নাগাদই ইরাকি সেনাদের হাতে নিরাপত্তার ভার তুলে দিতে চায় তারা। ব্রিটিশ বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল কেভিন স্ট্র্যাটফোর্ড বলেছেন, বসরায় বোমা হামলাকারীদের দুটি দল শুক্রবার রাতে রাস্তার ধারে বোমা পাতার সময় ব্রিটিশ সেনারা অভিযান চালিয়ে তাদের হত্যা করে।
এর আগে ৫ এপ্রিল ওই এলাকায় ৪ ব্রিটিশ সেনা জঙ্গি হামলায় নিহত হয়েছিলো। রাস্তার ধারে পেতে রাখা বোমাতে সাজোঁয়া যান ধ্বংস হয়ে সেনারা নিহত হয়। ইরাকে মার্কিন আগ্রসণের পর এটিই ছিলো ব্রিটিশ সেনাদের ওপর বড় ধরনের হামলা। তবে শুক্রবার রাতে নিহত বন্দুকধারীদের সঙ্গে ওই ঘটনার সরাসরি কোনো যোগ আছে বলে মনে করছে না ব্রিটিশ বাহিনী। বরং তাদের ধারণা, এই জঙ্গিরা ওই ধরনেরই একটি হামলা চালানোর পরিকল্পনা করছিলো।
এদিকে, বসরা পুলিশ শুক্রবার বন্দুকধারীদের সঙ্গে ব্রিটিশ সেনাদের সংঘর্সৈর খবরটি নিশ্চিত করলেও এতে কেউ নিহত হয়নি বলেই জানিয়েছে।
