২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরক্কোর আত্মঘাতী হামলায় নিহত ৫

মরক্কোর কাসাব্লাঙ্কায় আত্মঘাতী বোমা হামলায় সন্দেহভাজন তিন হামলাকারী ও এক পুলিশসহ পাঁচ ব্যক্তি নিহত এবং কমপক্ষে ১৯ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ পুলিশ রয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Apr 2007, 10:39 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

কাসাব্লাঙ্কার একটি বস্তিতে সন্দেহভাজন সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান চালানোর সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বার সদস্যের একটি সন্ত্রাসী দলের চার সন্দেহভাজন সদস্যকে আটক করতে পুলিশ এ অভিযান চালায়। এর আগে পুলিশ এক সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে গেলে ১১ মার্চ একটি সাইবার ক্যাফেতে সে আত্মঘাতী বোমা হামলা চালায়। এরপর থেকেই পুলিশ এ চার ব্যক্তিকে আটক করতে অভিযান শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফিদা এলাকার একটি বস্তিতে পুলিশের অভিযানের সময় দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গুলি করলে ওই দুজনের একজন নিহত হয় এবং অপর ব্যক্তিকে পুলিশ তাড়া করে একটি ভবনের ছাদে আটকে ফেলার পর সে আত্মঘাতী বোমা হামলা চালায়।

রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা এমএপি জানিয়েছে, এরপর তৃতীয় ব্যক্তি আত্মঘাতী বোমা হামলা চালালে দুই পুলিশ আহত হয়। এদের মধ্যে একজন পরে মারা যান।

নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, “সন্দেহভাজন চার ব্যক্তির মধ্যে চতুর্থ ব্যক্তি যখন দেখে যে পালিয়ে যাওয়ার আর কোনো উপায় নেই, তখন সে বোমা হামলা চালায়। আর তখনই পাঁচ পুলিশসহ কমপক্ষে ১৯ ব্যক্তি আহত হন।”

এমএপি জানিয়েছে, হামলাকারী তৃতীয় ব্যক্তি ছিলেন রারাচিদি মোহামেদ যিনি ২০০৩ সালে পার্লামেন্টের পুলিশের এক কর্মকর্তাকে হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসী দলের একজন ছিলেন।

পুলিশ ধারণা করছে, বোমা হামলাকারীদের যাতে পুলিশ জীবিত আটক করতে না পারে সেজন্য তারা এখন শরীরে বোমা আটকানো বেল্ট পরা শুরু করেছে।

প্রসঙ্গত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে মরক্কো যোগ দেওয়ায় এর প্রতিশোধ নিতে ২০০৩ সালে কাসাব্লাঙ্কায় আত্মঘাতী বোমা হামলা চালানো হলে ১৩ ব্যক্তি নিহত এবং ৩২ জন আহত হন। এরপর থেকেই মরক্কোর ওপর পরবর্তী হামলার ব্যাপারে সতর্কাবস্থা জারি করা হয়েছে।