২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব বাণিজ্য আলোচনার জট ছাড়াতে নয়াদিল্লিতে বসছে চতুর্পক্ষীয় বৈঠক

কৃষি ভর্তুকি ও শুল্ক বাধা অপসারণ নিয়ে উন্নত দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর বৈরী অবস্থানের মধ্যেই বৈঠকে বসছেন চারপক্ষের (যুক্তরাষ্ট্র, ইইউ, ব্রাজিল ও ভারত) বাণিজ্যমন্ত্রীরা। আগামী বৃহস্পতিবার নয়াদিল্লিতে বসছে ওই বৈঠক। এর মধ্য দিয়েই বিশ্ব বাণিজ্য আলোচনার জট খুলবে বলে কর্মকর্তারা আশাবাদী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Apr 2007, 03:56 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

আট মাসেরও বেশি সময়ের প্রচেষ্টার পর উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিরা এবারই প্রথম এ ধরনের বৈঠকে মিলিত হচ্ছেন। ভারতের বাণিজ্য সচিব গোপাল পিল্লাই রয়টার্সকে বলেন, “আমরা খুবই আশাবাদী। সবকিছুর পরও সবাই একসঙ্গে আলোচনায় বসতে পারাটা আসলেই ইতিবাচক।”

তার মতে, বড় ধরনের অগ্রগতি আশা না করা গেলেও এ বৈঠকে বাণিজ্য আলোচনা অন্তত কিছুটা আগাবে। এক সপ্তাহ পর কিংবা ১০ দিন পর আবার বৈঠক হতে পারে। এভাবে এই প্রক্রিয়া চলতেই থাকবে।

ইইউর বাণিজ্য বিষয়ক কর্মকর্তা পিটার ম্যান্ডেলসন গত সপ্তাহে এক বিবৃতিতে বলেন, “বর্তমান সময়টি খুবই গুরুত্বপূর্ণ। দোহা অধিবেশনের আলোচনার জট ছাড়াতে যত সুযোগ পাওয়া যায়, সবগুলোই আমাদের গ্রহণ করতে হবে। ব্যর্থ হলে এ বছর সে জট খোলার আর কোনো আশা থাকবে না।”

তবে আশাবাদী হতে পারছেন না ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী ক্রিস্টিন ল্যাগার্ড। গত সপ্তাহে তিনি বলেন, “দু’পক্ষের মধ্যে এখনও মতের অনেক ফারাক।”

তার মতোই হতাশা প্রকাশ করেন ওয়াশিংটনের বাণিজ্য বিশ্লেষক গ্যারি ব্লুম্যান্থল। তিনি বলেন, “অগ্রগতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কারণ কৃষি ভর্তুকি প্রত্যাহারের পক্ষপাতি নয় যুক্তরাষ্ট্রের খামার মালিকরা। ফলে জট ছাড়ানো আসলেই কঠিন।”

যুক্তরাষ্ট্রের আরেক বাণিজ্য বিশ্লেষক শেরম্যান কাটজ বলেন, “ভর্তুকি কমানোর কথা খামারগুলোকে বলতে যুক্তরাষ্ট্রের অনীহাই লক্ষণীয়।”

তবে তিনি কিছুটা আশাবাদী এ জন্য যে এ ধরনের সরাসরি আলোচনায় সমঝোতার জন্য যুক্তরাষ্ট্র ও ভারতের ওপর অন্য পক্ষগুলোর চাপ থাকবে। ফলে একটা কিছু বেরিয়ে আসতে পারে।

প্রসঙ্গত, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর ব্যাপক মতপার্থক্যের কারণে গত বছর বিশ্ব বাণিজ্য আলোচনা স্থগিত ঘোষণা করেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান পাসকেল লামি।