২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের মামলা করার সিদ্ধান্তে চীনের নিন্দা

মার্কিন পণ্য সামগ্রীর ব্যাপক হারে নকল করার অভিযোগে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডাব্লিউটিও) চীনের বিরুদ্ধে মামলা করার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Apr 2007, 01:44 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা সিনহুয়া মঙ্গলবার জানায়, “মেধাস্বত্ত্ব আইন এবং চীনা প্রকাশনা বাজারে প্রবেশের বিষয়ে যুক্তরাষ্ট্র ডাব্লিউটিওতে চীনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়ায় বেইজিং এর তীব্র নিন্দা করছে ও অসন্তোষ জানাচ্ছে।”

চীনের মেধাস্বত্ত্ব আইন সংক্রান্ত কার্যালয়ের কমিশনার তিয়ান লিপুর বরাত দিয়ে সিনহুয়া জানায়, “এ ধরনের অভিযোগ দায়ের করা যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে সংবেদনশীল কোনো পদক্ষেপ নয়।”

“এ ধরনের কাজ করার মাধমে যুক্তরাষ্ট্র মেধাস্বত্ত্ব অধিকার সুরক্ষা এবং কপিরাইট আইন বাস্তবায়নে কড়াকড়ি আরোপের ক্ষেত্রে চীনা সরকারের পদক্ষেপ ও অর্জনগুলোকে অবহেলা করেছে।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের গত বছরের রেকর্ড ২৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি নিয়ে কংগ্রেসের চাপের মুখে দেশটির বিরুদ্ধে ডাব্লিউটিওতে মামলা করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এই বাণিজ্য ঘাটতির ফলে বাণিজ্য উন্নয়ন সংক্রান্ত প্রেসিডেন্ট জর্জ বুশের ক্ষমতা নবায়নের প্রচেষ্টা বিঘ্নিত হচ্ছে। অথচ বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা অধিবেশন আলোচনায় সমঝোতায় পৌঁছাতে হোয়াইট হাউজের হাতে এ ক্ষমতা থাকাটা জরুরি।

যুক্তরাষ্ট্রের গান ও সিনেমার নকল এবং দেশটির কোম্পানিগুলোর অনুমোদিত পণ্যসামগ্রীর বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত বেশ কিছু অভিযোগ চীনের বিরুদ্ধে ডাব্লিউটিওর কাছে করেছে বুশ প্রশাসন।