২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে এর্দোগানকে পছন্দ একে পার্টির

তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী রোসেপ তাইয়েপ এর্দোগানের প্রতি ক্ষমতাসীন একে পার্টি পূর্ণ সমর্থন রয়েছে। মন্ত্রিসভার এক সিনিয়র মন্ত্রী সোমবার একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Apr 2007, 06:20 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

মে মাসে বর্তমান প্রেসিডেন্ট আহমেত নেকদেত সিজারের অবসর নেওয়ার পর তুরস্কের পার্লামেন্ট তার উত্তরসূরী নির্বাচন করবে। পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির রয়েছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা। আর তুরস্কের ধর্মনিরপেক্ষ সম্ভ্রান্ত সম্প্রদায় এর্দোগানের প্রেসিডেন্ট হওয়ার বিরোধী।

উপপ্রধানমন্ত্রী আবদুললতিফ সেনেরকে উদ্ধৃত করে দৈনিক মিলিয়েত জানায়, “একে পর্টির ৩৫৩ জন পার্লামেন্ট সদস্য বর্তমান প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার ব্যাপারে একমত।”

তুরস্কের ৫৫০ আসন বিশিষ্ট পার্লমেন্টের ৩৫৪ আসন মধ্য-ডানপন্থী একে পার্টির। যদিও মে মাসের শুরুতে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারছেন না পার্লামেন্টের স্পিকার বুলেন্ত আরনিক।

সেনের বলেন, মাত্র তিন থেকে পাঁচজন পার্লামেন্ট সদস্য এর্দোগানকে প্রধানমন্ত্রী হিসেবে থাকার ব্যাপারে সমর্থন জানাবেন। কারণ, এ বছরের শেষের দিকে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তা একে পার্টির সফলতা নিশ্চিত করতে সাহায্য করবে।

তিনি আরও বলেন, “তবে তারা প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ সমর্থন জানাবেন, যদি তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হন।”

দেশের প্রধানমন্ত্রী হলে রাষ্ট্র এবং ধর্মকে আলাদা রাখার ব্যাপারে তুরস্কের অবস্থানকে এর্দোগান নষ্ট করতে পারেন এ আশংকা থেকে ধর্মনিরপেক্ষবাদীরা আগামী শনিবার আঙ্কারায় একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে।

সেনের জানান, এ ধরনের প্রতিবাদ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে দলের সিদ্ধান্তকে প্রভাবিত করবে না।

ধারণা করা হচ্ছে, এর্দোগান প্রেসিডেন্ট প্রাসাদে গেলে পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ গুল প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।