‘পুতিন সবসময়ই ঠিক পথে রয়েছেন’
‘‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময়ই ঠিক। তিনি সঠিক পথেই রয়েছেন।’’ রাশিয়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কর্ণধার খোদ নির্বাচন কমিশনের প্রধান ভ্লাদিমির চুরভ পুতিন সম্পর্কে এ মন্তব্য করেছেন।
পুতিনের সাবেক সহকর্মী ভ্লাদিমির চুরভ গত মাসে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান হয়েছেন। নতুন কাজ শুরুর পর কমার্সেন্ট দৈনিক পত্রিকায় প্রথম সাক্ষাতকারেই চুরভ সোমবার পুতিন সম্পর্কে ওই মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘চুরভের এক নম্বর আইনই হচ্ছে, পুতিন সবসময়ই ঠিক’’।
পুতিন কখনও কোনো কাজে ভুল করলে সেক্ষেত্রে কি বলবেন জিজ্ঞেস করা হলে চুরভ বলেন, ‘‘পুতিন কীভাবে ভুল করতে পারেন?”
চুরভের এই পুতিনপ্রীতিতে ক্রেমলিনের সমালোচকরা তার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ পোষণ করেছেন। যদিও এর আগে চুরভ বলেছিলেন, নির্বাচনে সব প্রার্থীদেরই সুষ্ঠু ও নিরপেক্ষ দৃষ্টিতে দেখবেন তিনি।
ডিসেম্বরে রাশিয়ার ফেডারেল পার্লামেন্ট নির্বাচন এবং পরের বছর মার্চে প্রেসিডেন্ট নির্বাচন তদারকিতে চুরভের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের স্থলেই নতুন প্রার্থী বাছাইয়ের কাজ চলবে।
রাশিয়ায় ভোটে কোনোরকম অনিয়ম, অব্যবস্থাপনার বিচার করার ভার থাকে প্রধান নির্বাচন কমিশনারের ওপরই।
কমিশনে এর আগে নিরপেক্ষমনা ব্যক্তি অ্যালেক্সান্ডার ভেসইয়াকভের স্থলাভিষিক্ত হয়েছেন চুরভ। তিনি ১৯৯০ সালে সেন্ট পিটার্সবার্গের স্থানীয় প্রশাসনিক দফতরে পুতিনের সঙ্গে কাজ করেছেন। ভেসইয়াকভের জায়গায় চুরভের নিয়োগকে বিশ্লেষকরা পুতিনের পছন্দের প্রার্থীর হাতে নির্বিঘ্নে ক্ষমতার পালাবদল নিশ্চিত করার ক্রেমলিনের পরিকল্পনা বলেই মনে করছেন।
