২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে নিহত ১

ইসরায়েলি হেলিকপ্টার থেকে ছোড়া গোলার আঘাতে শনিবার গাজা উপত্যকায় এক ফিলিস্তিন জঙ্গি নিহত হয়েছেন। স্থানীয় অধিবাসীদের মতে, গত নভেম্বরে যুদ্ধ স্থগিত হওয়ার পর এটাই ইসরায়েলের সেনাবাহিনী ও ফিলিস্তিন জঙ্গিদের মধ্যে সবচেয়ে সহিংস লড়াই।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Apr 2007, 03:52 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

স্থানীয় অধিবাসীরা বলেছেন, জাবালা শরণার্থী শিবিরের কাছে জঙ্গিদের ওপর অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি হেলিকপ্টার।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, সীমান্ত প্রাচীরের কাছে কয়েকবার জঙ্গিরা তৎপর হওয়ার এবং সেখানে বিস্ফোরক স্থাপনের চেষ্টা করে। তাদের সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করার পর ইসরায়েলি হেলিকপ্টার সেখানে গোলাবর্ষণ করে।

ইসলামি জিহাদ ওই ঘটনা স্বীকার করে বলেছে, তাদের জঙ্গিবাহিনী এবং অন্য একটি জঙ্গিদলের সদস্যরা সীমান্ত প্রাচীরের কাছে একটি অভিযানের প্রস্তুতি নেওয়ার সময় এই গোলাবর্ষণের ঘটনা ঘটে। তারা বলেছে, এই সহিংসতায় ডেমোক্রেটিক ফ্রন্ট ফর লিবারেশন অফ প্যালেস্টাইনের এক সদস্য নিহত হন।

স্থানীয় অধিবাসীরা বলছেন, সেখানে ইসরায়েলি ট্যাঙ্কও ছিল। তবে ইসরাইল এটা অস্বীকার করেছে।

নভেম্বরে ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও গত সোমবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আমির পেরেজ সেনাবাহিনীকে গাজায় সীমিত পর্যায়ে সেনা অভিযানের অনুমতি দিয়েছিলেন।

এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ওপর রকেট হামলা চালায় কয়েকটি জঙ্গি সংগঠন। এর পরিপ্রেক্ষিতে পেরেজ বলেছিলেন, ইসরায়েল উপকূলবর্তী এ অঞ্চলে জঙ্গিদের সশস্ত্র এবং সংগঠিত হতে দেবে না।

বুধবার ইসরায়েলের সেনারা তিনজন সশস্ত্র ব্যক্তির ওপর গুলি করে একজনকে হত্যা করে এবং অন্তত আরও একজনকে আহত করে। গাজার সীমান্ত প্রাচীরে তারা বিস্ফোরক স্থাপন করছিল বলে ইসরায়েল দাবি করে।

ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সূত্র বলেছে, সম্ভাব্য সংঘাতের পূর্বপ্রস্তুতি হিসেবে হামাসের সশস্ত্র বাহিনীর সদস্যরা সীমান্ত এলাকায় সুড়ঙ্গ খনন করছে এবং তার রকেটসহ অন্যান্য যুদ্ধাস্ত্রের পরিমাণ বাড়াচ্ছে।

শুক্রবার হামাস ও ফাতাহ দলের সদস্যদের মধ্যে সংঘাতে দুই জঙ্গি ও এক কিশোর আহত হয়।

১৭ই মার্চ ঐকমত্যের সরকার গঠন করার পরও গাজায় বিবাদমান দল দুটির মধ্যে উত্তেজনা এখনও বিদ্যমান।