২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপসাগরে সমুদ্র অভিযান স্থগিত করেছে ব্রিটেন

নৌসেনারা দেশে ফেরার পর উপসাগরে সমুদ্র অভিযান স্থগিত করেছে ব্রিটেন। উপসাগরে নৌ অভিযান চালানোর পুরো প্রক্রিয়াটাই নতুন করে বিবেচনা করে দেখছে তারা। ব্রিটেনের নৌবাহিনী প্রধান জোনাথন ব্যান্ড শুক্রবার একথা বলেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2007, 06:15 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বিবিসি রেডিওতে জোনাথন বলেন, ‘‘আমরা আপাতত নৌ অভিযান বন্ধ করেছি। আসলেই কি ঘটেছিলো তা আমরা পুরোপুরি খতিয়ে দেখব। উপসাগরের ওই বিতর্কিত জলসীমায় গবেষণা অভিযান পরিচলনায় ব্যবহৃত দুটো নৌকা এখনও ইরানের কব্জায় আছে।”

ওই এলাকাতেই গত ২৩ মার্চ ইরান কর্তৃপক্ষের হাতে আটক হয় ১৫ ব্রিটিশ নৌসেনা।

জোনাথন বলেন, আটক অবস্থায় টেলিভিশনে নৌসেনাদের যে স্বীকারোক্তি দিতে দেখা গেছে তা তারা কোনো মানসিক চাপের মুখেই দিয়েছে বলে মনে হয়। বাড়ি ফেরার পরও তাদের সঙ্গে আমার দেখা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, আটকাবস্থায় তারা যথেষ্ট আত্মমর্যাদা এবং সাহসের সঙ্গেই পরিস্থিতি মোকাবেলা করেছে।

নৌসেনাদের পক্ষ নিয়ে জোনাথন বলেন, ‘‘তারা যা করেছে নিয়ম মেনেই করেছে, নিজেদের কিংবা অন্যদের বিপদে ফেলেনি। কোনো ছাড়ও দেয়নি।”