ইরানের পরমাণু চুক্তি নিয়ে লারিজানি ও সোলানার টেলিসংলাপ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানা তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ও চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে ইরানের পরমাণু আলোচক আলী লারিজানির সঙ্গে ফোনে আলাপ করেছেন। বুধবার আটক ১৫ ব্রিটিশ নৌসেনার মুক্তির ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগেই দুজন ফোনে কথা বলেন। ইইউর এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
তিনি জানান, সোলানা টেলিফোন সংলাপে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প নিয়ে আলোচনায় অচলাবস্থা এবং নৌসেনাদের বিষয়টি নিয়ে কথা বলেন। তখনও সেনাদের মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
অজ্ঞাতপরিচয় ওই কর্মকর্তা জানান, “আলোচনার বিষয়বস্তু গোপন। তবে এটুকু বলতে পারি, তারা পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা করেছেন এবং ইরান ও ইইউর মধ্যে আবারও আলোচনা শুরুর সম্ভাবনা যাচাই করেছেন।”
তিনি আরও জানান, তারা দুজনেই বিষয়টা নিয়ে ভাবছেন এবং শিগগিরি আরও একটি টেলিফোন সংলাপ অনুষ্ঠিত হবে।
তবে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনার বিনিময়ে ইরান আটককৃতদের মুক্তি দিয়েছে-এমন ধারণা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ওই কর্মকর্তা।
গত বছর ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে গেলেও ইরানের পরমাণু আলোচক দলের প্রধান আলী লারিজানির সঙ্গে সোলানার যোগাযোগ বন্ধ হয়নি কখনই।
ইইউর কর্মকর্তারা এই ১৩ দিনের সংকটে লারিজানির হাত শক্তিশালী হলো কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাদের ধারণা, কট্টরপন্থী প্রেসিডেন্ট আহমাদিনেজাদের তুলনায় লারিজানি পশ্চিমাদের সঙ্গে সমঝোতা আলোচনায় দর কষাকষিতে অনেক বেশি নমনীয়।
আটক ব্রিটিশ নৌসেনাদের মুক্তির বিষয়কে স্বাগত জানিয়ে দেওয়া ইইউর এক বিবৃতিতে বলা হয়, “ইইউ প্রধান আশাবাদী যে ইরান এই পরিস্থিতিতে অন্য সব বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও ইইউর সঙ্গে সহযোগিতার মাধ্যমে সমাধানের সুযোগ গ্রহণ করবে।”
“এটা নির্দিষ্ট করে চীন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তাবের বিষয়ে প্রযোজ্য যেখানে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে উদ্ভূত বিতর্ক সংলাপ এবং সমঝোতা আলোচনার মাধ্যমে নিরসনের কথা বলা হয়েছে।”
