২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত সিরিয়া: পেলোসি

হোয়াইট হাউজের বিরোধিতা সত্ত্বেও সিরিয়ায় সফরকারী মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বুধবার বলেছেন, দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Apr 2007, 03:58 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

এদিকে দামেস্কের সঙ্গে আলাপ-আলোচনার জন্য ইসরাইলের প্রস্তুত থাকা সংক্রান্ত পেলোসির মন্তব্য প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের কার্যালয়কে তৎপর করেছে ওই ধরনের আলোচনার জন্য ইহুদি রাষ্ট্রটির পূর্বশর্তগুলোর ওপর বিশেষ গুরুত্ব দিতে।

দুই বছরের বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর কর্মকর্তা হিসেবে সিরিয়া সফর করেন ডেমোক্রেট ন্যান্সি পেলোসি। সিরিয়া সফর শেষে বুধবার রাতে পেলোসি সৌদি আরব পৌঁছেন।

ন্যান্সি পেলোসির এ সফর নিয়ে গত কয়েকদিন ধরেই সমালোচনা করে যাচ্ছে হোয়াইট হাউজ। মঙ্গলবার প্রেসিডেন্ট বুশও তাতে শরিক হন। তার মতে, এ সফর দামেস্কের কাছে মিশ্র বার্তা পৌঁছাবে। কারণ, সিরিয়া সরকার সম্পর্কে মার্কিন সরকারের দৃষ্টিভঙ্গীর কোনো পরিবর্তন হয়নি।

আসাদের সঙ্গে বৈঠকের পর ওয়াশিংটনের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তা পেলোসি সাংবাদিকদের বলেন, “শান্তি প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত থাকার বিষয়ে প্রেসিডেন্টের আসাদের কাছ থেকে পাওয়া পুনঃনিশ্চয়তাগুলোতে আমরা খুবই খুশি। ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনায় বসার জন্য তিনি প্রস্তুত।

পেলোসি বলেন, “প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক আমাদেরকে প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের এ বার্তাটি পৌঁছে দিতে সাহায্য করেছে যে ইসরায়েলও শান্তি আলোচনায় বসতে প্রস্তুত।

যদিও ইসরাইল সরকারের একজন কর্মকর্তা বলছেন, আসাদের কাছে পৌঁছানোর জন্য এ সপ্তাহের প্রথমদিকে পেলোসিকে ওলমার্ট যে বার্তা দিয়েছিলেন এটি তা নয়।

ফিলিস্তিনের হামাস এবং লেবাননের হিজবুল্লাহ গ্রুপের উল্লেখ করে ইসরাইলের ওই কর্মকর্তা বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন সিরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ অবস্থানের বিষয়ে ইসরায়েল আগ্রহী। তবে তার আগে সিরিয়াকে সর্বপ্রথম সন্ত্রাসের পথ এবং সন্ত্রাসী গ্রুপগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে।”

এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “সিরিয়া ইস্যু নিয়ে কর্তব্যরত আন্তর্জাতিক নেতাদের কাছে ইসরাইল যে নীতির কথা ব্যক্ত করেছে তার কোনো পরিবর্তনের প্রতিনিধিত্ব করে না মার্কিন স্পিকারের কাছে করা ওলমার্টের মন্তব্যগুলোয়।”

এদিকে আসাদ বলেছেন, শান্তির জন্য সব আরব ভূমি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে গত মাসের এক সম্মেলনে আবারও গৃহীত একটি আরব শান্তি পরিকল্পনার ওপর ভিত্তি করে ইসরায়েলের সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত সিরিয়া।

পেলোসিকে বলা আসাদের কথার বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, “আরব পরিকল্পনা মেনে নিয়েছে সিরিয়া। শান্তি হচ্ছে এর কৌশলগত পছন্দ।”

উল্লেখ্য, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েল দখল করে নেয় গোলান মালভূমি। কৌশলগত সে মালভূমির নিয়ন্ত্রণ ফিরে পেতে চান সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ। আর গোলান মালভূমি ফিরিয়ে দেওয়ার বিনিময়ে স্বাভাবিক সম্পর্ককে কেন্দ্র করে সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার শান্তি আলোচনা ২০০০ সালে বন্ধ হয়ে যায়।

সিরীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সসম্মানে ফিরে যাওয়া নিশ্চিত করতে তাতে সহায়তাদানে দামেস্কের আপত্তি নেই। তবে এর বিনিময়ে গোলান মালভূমি ছেড়ে দেওয়ার জন্য ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের চাপ দিতে হবে।

বুশ প্রশাসন অবশ্য সন্ত্রাসে মদদদাতা রাষ্ট্র হিসেবে সিরিয়াকে চিহ্নিত করে আসছে। ২০০৫ সালে লেবাননের প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ডের পর দামেস্ক থেকে রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র।

দামেস্কর বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগ, সন্ত্রাসবাদে মদদ এবং ইরাকে আত্মঘাতী হামলাকারীদের প্রায় ৯০ শতাংশই সিরিয়া থেকে প্রবেশ করছে। আর সিরিয়া বলছে, প্রবেশের সে প্রবাহ তারা বন্ধের চেষ্টা করছে।