জাপানের প্রধানমন্ত্রীকে ইয়াসুকুনি সমাধিসৌধ পরিদর্শন না করার আহ্বান
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বুধবার জাপানের নেতাদের বিশেষ করে প্রধানমন্ত্রী শিনজো আবেকে বিতর্কিত ইয়সুকুনি সমাধিসৌধ পরিদর্শন না করার আহ্বান জানিয়েছেন। এশিয়ার অনেকেই টোকিওর এই সমাধিসৌধকে জাপানের অতীত সামরিকায়নের প্রতীক মনে করেন।
ওয়েন বলেন, আগামী সপ্তায় তিনি জাপানে একটি সফল সফর করতে চান এবং এ বছরের শেষ নাগাদ জাপানের প্রধানমন্ত্রীকে চীনে দ্বিতীয়বারের মতো সফরের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন। বেইজিঙে জাপানি সাংবাদিকদের সঙ্গে ওয়েনের আলাপের বরাত দিয়ে বার্তাসংস্থা কাইডু এ খবর জানিয়েছে।
ইয়াসুকুনি সমাধিসৌধে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পূর্বসুরী জুনিচিরো কোইজুমির বার্ষিক পরিদর্শনকে কেন্দ্র করে এশিয়ার এ শক্তিশালী দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
গত সেপ্টেম্বরে জাপানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানোর লক্ষ্যে বেইজিং সফর করনে শিনজো আবে। তবে আবে তার শাসনামলে ইয়াসুকুনি সফর করবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
ওয়েনের বরাত দিয়ে বার্তাসংস্থা কাইডু জানায়, “জাপানের বিভিন্ন নেতা অসংখ্যবার ইয়াসুকুনি সফর করে চীনা জনগণের অনুভূতিতে আঘাত দিয়েছেন এবং তাতে চীন-জাপান সম্পর্কে ব্যাপক প্রভাব পড়ছে।”
তিনি আরও বলেন, “আমি আশা করছি এমনটি আর ঘটবে না।”
ওয়েনের এ সফর হবে চীনের কোনো প্রধানমন্ত্রীর গত ছয় বছরের বেশি সময়ের মধ্যে প্রথম জাপান সফর। ২০০০ সালে চীনের সর্বশেষ প্রধানমন্ত্রী হিসাবে জাপান সফর করেন ঝু রংজি।
ওয়েনের বরাত দিয়ে কাইডু জানায়, “আমি আশা করছি সফর সফল হবে। আমি একে সত্যিকারের বরফ গলানো সফরে পরিণত করতে চাই।
চীনা প্রধানমন্ত্রীর জাপান সফরে কৌশলগত ও সমঝোতামূলক সম্পর্ক গড়ার লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি চুক্তি হতে পারে বলেও ওয়েনের বরাত দিয়ে জানিয়েছে কাইডু।
তিনি বলেন, “এর মাধ্যমে স্পষ্ট হবে যে চীন-জাপান সম্পর্ক একটি নতুন মাত্রার দিকে ধাবিত হচ্ছে।”
তিনি আরও বলেন, তিনি চান সাগরের গ্যাস সম্পদ নিয়ে তাদের মধ্যকার বিতর্ক অবসানের লক্ষ্যে দুদেশের মধ্যে আলাপ-আলোচনা অব্যাহত থাকুক।
কাইডু জানায়, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে ছয়জাতি আলোচনায় অগ্রগতি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
১১ থেকে ১৩ এপ্রিলের সফরে ওয়েন জিয়াবাওয়ের জাপানের পার্লামেন্টে ভাষণ এবং প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
