নৌসেনা আটক নিয়ে ব্রিটেন-ইরান উচ্চপর্যায়ের বৈঠক
তেহরানে আটক নৌসেনাদের মুক্তি সংক্রান্ত জটিলতা কাটাতে বুধবার ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসার কথা জানিয়েছে ব্রিটেন। সিরিয়া বলেছে, তারা এই সঙ্কটে মধ্যস্থতা করছে। এতে করে সংকটের কূটনৈতিক সমাধানের আশা দেখা দিয়েছে।
দুদেশের মধ্যে উচ্চপর্যায়ের এই বৈঠক নৌসেনা আটকের ঘটনাটি নিয়ে উভয়পক্ষের মধ্যে ১৩ দিনের অচলবস্থা অবসানে এক ধাপ অগ্রগামী পদক্ষেপ।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের উপদেষ্টা নাইজেল শেইনওয়াল্ড ইরানের শীর্ষ পরমাণু আলোচক আলী লারিজানির সঙ্গে মঙ্গলবার রাতে কথা বলেছেন। ব্লেয়ারের কার্যালয়ও লারিজানির সঙ্গে সরাসরি কথা হওয়ার বিষয়টি জানিয়েছে। তবে ওই আলোচনা শেইনওয়াল্ডের সঙ্গে হয়েছে কিনা তা নিশ্চিত করেনি।
এদিকে ইরানের প্রতিবেশী সিরিয়া বুধবার জানিয়েছে, তারা ব্রিটেন ও সিরিয়ার মধ্যকার ওই সংকট সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
এ প্রসঙ্গে সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মোয়ালেম কুয়েতী পত্রিকা আল-আনবারকে বলেন, “ধীরস্থিরভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে এ সমস্যার সমাধান করতে হবে। সিরিয়া বর্তমানে দুই পক্ষের মধ্যে এ তৎপরতা চালিয়ে যাচ্ছে।”
এর আগে ইরানের পার্লামেন্টের স্পিকার গোলাম আলী হাদ্দাদাদেল বলেন, “নৌসেনা আটক ঘটনার জটিলতা কাটাতে এখন ‘সঠিক পথেই’ এগুচ্ছে যুক্তরাজ্য। তবে ওই ঘটনার জন্য তাদের অবশ্যই ক্ষমা চাইতে এবং আচরণের পরিবর্তন ঘটাতে হবে।”
বুধবার ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের ওয়েবসাইটে তার এ বক্তব্য প্রকাশিত হয়।
ইরান এ ইস্যুতে যুক্তরাজ্যের তৎপরতার সমালোচনা করে আসছিল। তারা বলছিল, এটি দ্বিপাক্ষিক সমস্যা এবং উভয় পক্ষের আলোচনার মধ্য দিয়েই এর সমাধান সম্ভব। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাজ্য যদি অহেতুক উত্তেজনা সৃষ্টিকারী আচরণ অব্যাহত রাখে, তবে এ সমস্যার সমাধান হবে না।
বুধবার তেহরানে সংবাদ সম্মেলন ডেকেছেন ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। মঙ্গলবার হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনেই এনিয়ে ইরানের অবস্থান ব্যাখ্যা করবেন আহমাদিনেজাদ।
নৌসেনাদের মুক্তিতে মঙ্গলবার প্রথম ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় আগ্রহ প্রকাশ করে যুক্তরাজ্য। ওইদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, সমস্যাটির কূটনেতিক সমাধানই চান টনি ব্লেয়ার। আর খুব শিগগিরই এ নিয়ে দুই পক্ষের সরাসরি আলোচনা হওয়া প্রয়োজন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বুধবার বলেন, “আমরা ইরানের পক্ষ থেকে সাড়া পাওয়ার অপেক্ষা করছি।”
ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, নৌসেনা ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ডেভিড ট্রেইসম্যান মঙ্গলবারও লন্ডনে ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। এটি ছিল তাদের মধ্যে নবম বৈঠক।
এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্গারেট বেকেট মঙ্গলবার জানান, নৌসেনা সংক্রান্ত সমস্যার খুব দ্রুত সমাধান হবে বলে তিনি মনে করেন না।
তবে ইরানে সরাসরি সামরিক অভিযানের সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, “আমরা সংঘাত চাই না। কূটনৈতিক পন্থায়ই এর সমাধান চাই আমরা।”
