২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অর্থনৈতিক সমৃদ্ধির অপেক্ষায় ক্লান্ত পূর্ব তিমুরের জনগণ’

পূর্ব তিমুরের জনগণ অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আমরা তাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছি। তারা এখন সেগুলোর বাস্তবায়ন দেখতে চায়। দেশটির প্রেসিডেন্ট সানানা গুসমাও বুধবার একথা বলেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Apr 2007, 05:08 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

আগামী সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাজধানী দিলিতে বিদেশী সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে গুসমাও দেশটির জনগণের এ হতাশার কথা বললেন।

গুসমাও বলেছেন, “আমরা মানুষের কর্মসংস্থানের কথা বলেছি, তাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছি। কিন্তু দীর্ঘদিন প্রতীক্ষার পরও সুড়ঙ্গের শেষপ্রান্তে কোনো আলো দেখতে পাচ্ছেন না তারা।”

পূর্ব তিমুরের তেল সম্পদ থেকে অর্জিত অর্থকে দেশটির শিক্ষা,স্বাস্থ্য ও কর্মসংস্থানের জন্য ব্যয় করার আহ্বান জানিয়েছেন গুসমাও।

তিনি বলেন, “পূর্ব তিমুরের মানুষ দুর্দশায় পড়ে আছে আর ওই অর্থ নিউইয়র্কের ব্যাংক একাউন্টে পড়ে আছে এটা হতে পারে না।”

তবে এ অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

আগামী সোমবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট গুসমাও এ নির্বাচনে অংশগ্রহণ করছেন না। তবে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার আগ্রহ প্রকাশ করেছেন।

রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ১৯৯৯ সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন হয় পূর্ব তিমুর। এরপর দুবছর জাতিসংঘের তত্ত্বাবধানে থাকার পর ২০০২ সালে স্বাধীনতা লাভ করে দেশটি। দেশটির স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী ভূমিকা রাখেন সানানা গুসমাও।