২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমোক্রেটরা ইরাকের চেয়ে ওয়াশিংটনে যুদ্ধ করতেই বেশি আগ্রহী: বুশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বলেছেন, “ইরাকে যুদ্ধ করার জন্য সেনাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেয়ে ডেমোক্রেট নেতারা ওয়াশিংটনে বসে রাজনৈতিক যুদ্ধ করতেই বেশি আগ্রহী।”

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Apr 2007, 01:10 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ বিতর্কে জরুরি যুদ্ধ তহবিল বরাদ্দ নিয়ে সৃষ্ট অচলাবস্থার জন্য ডেমোক্রেটদের সমালোচনা করে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার জর্জ বুশ একথা বলেন।

মার্কিন কংগ্রেসের বসন্তকালীন ছুটি শুরু হওয়ার আগেই ইরাক ও আফগানিস্তানের জন্য ১০ হাজার কোটি ডলার জরুরি যুদ্ধ তহবিল বরাদ্দ চূড়ান্ত না করায় ডেমোক্রেটদের নিন্দা জানান বুশ।

এসময় সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিয়ে পাশ করা প্রস্তাবটিতে নিজের প্রেসিডেন্সিয়াল ভেটো দেওয়ার কথা পুনারায় স্মরণ করিয়ে দেন তিনি। প্রেসিডেন্ট বুশ নিজে ইস্টারের ছুটি কাটাতে টেক্সাসে যাওয়ার একদিন আগে একথা বললেন।

প্রেসিডেন্ট বুশের সমালোচনার জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেট নেতারা। সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটদের নেতা হ্যারি রিড বলেছেন, “আইনপ্রণেতারা খুব শিগগিরই সেনাদের জন্য সরবরাহ নিশ্চিত করে প্রেসিডেন্ট বুশকে একটি বিল পাঠাচ্ছেন।”

রিড বলেন, “প্রেসিডেন্ট যদি ওই বিলে ভেটো দেন তাহলে সেনাদের জন্য বরাদ্দ পিছিয়ে যাবে এবং তার কৌশলই ব্যর্থতায় পর্যবসিত হবে।”

এর আগে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ২০০৮ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিয়ে একটি বিল পাশ করে। সিনেটে পাশ হওয়া বিলটিতে আরও আগেই সেনা প্রত্যাহার শুরু করে আগামী বছরের মার্চ মাসের ৩১ তারিখের মধ্যে সেনা ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।